কলকাতা, নিউজ ডেস্ক: ইনভেস্টর হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে পথচলা শেষ। তবে সম্পর্ক ছিন্ন নয়। নতুন ভূমিকায় লাল-হলুদের পাশে থাকার ঘোষণা করল ইমামি। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে সংস্থাটির তরফে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজমেন্টে আর কোনও ভূমিকা থাকবে না তাদের। ইনভেস্টর হিসেবে থাকা সমস্ত শেয়ার এবং ভোটিং রাইটসও ক্লাবের হাতেই তুলে দেওয়া হয়েছে। ফলে আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গলের ইনভেস্টর এবং ম্যানেজার, কোনও ভূমিকাতেই আর থাকল না ইমামি। তবে জার্সিতে দেখা যাবে তাদের লোগো। অর্থাৎ, সম্পর্কের ধরন বদলাল। তবে সম্পর্ক শেষ হল না।
ইমামির তরফে জানানো হয়েছে, ভারতীয় ফুটবলের উন্নতি এবং প্রসারে তারা আগের মতোই সহযোগিতা করবে। পাশাপাশি ইস্টবেঙ্গলের সঙ্গেও স্পনসর হিসেবে যুক্ত থাকবে সংস্থাটি। ফলে দীর্ঘদিনের লাল-হলুদ সম্পর্ককে একেবারে বিচ্ছিন্ন করছে না ইমামি। বরং ক্লাব পরিচালনার জায়গা থেকে সরে গিয়ে বাণিজ্যিক অংশীদার হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। শেয়ার এবং ভোটিং রাইটস হস্তান্তরের পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে সংস্থাটির প্রত্যক্ষ ভূমিকার অবসান ঘটল।
গত মরশুমের শেষ দিক থেকেই ইমামি-ইস্টবেঙ্গল সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। আইএসএল জয়ের পর ইমামির ডিরেক্টর বিভাস আগরওয়াল জানিয়েছিলেন, সমস্ত দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরেই গুঞ্জন বাড়ে, ইস্টবেঙ্গলের সঙ্গে ইনভেস্টর সম্পর্ক ছিন্ন করতে চলেছে ইমামি। এমনকি ক্লাবের শীর্ষ মহল থেকেও ইমামির সরে যাওয়ার ইঙ্গিত মিলেছিল। কিন্তু আড়ালে আলোচনা চলতে থাকে। শেষ পর্যন্ত ইনভেস্টর হিসেবে না থেকে স্পনসর হিসেবে থাকার সিদ্ধান্ত নেয় ইমামি।
ডুরান্ড কাপ ফাইনালের আগে ইমামিকে নিয়ে প্রশ্ন করা হলে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, ইমামি কোথাও যাচ্ছে না, বরং বরাবরই ক্লাবের সঙ্গে থাকবে। মঙ্গলবারের ঘোষণায় সেই কথারই অন্য রূপ দেখা গেল। মালিকানা ও পরিচালনার জায়গায় ইমামির অধ্যায় শেষ হলেও লাল-হলুদ জার্সিতে সংস্থার উপস্থিতি থাকছে। ফলে ইস্টবেঙ্গল-ইমামি সম্পর্কের সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের শুরু হল বলেই মনে করছে ফুটবল মহল।