নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। এবার অবিলম্বে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক্টোবরের মধ্যে অভিনেতাকে দেশ ছাড়তে বলল মুম্বই পুলিশ।
গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্মসূচির আয়োজন করেছিল ‘ককরোচ জনতা পার্টি’। এই কর্মসূচিতেই যোগ দিয়েছিলেন ইমরান খান। পুলিশের অনুমতি ছাড়া যেহেতু এই বিক্ষোভ কর্মসূচি হয়েছিল, সেই কারণে পদক্ষেপ করা হয়। মুম্বইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং তুতো বোন জেন মেরি খান। বিক্ষোভ চলাকালীন মুম্বই পুলিশ তাঁদেরকে আটক করে নিয়ে যায়।
পুলিশের গাড়ি থেকে একটি সেলফি পোস্ট করে ইমরান মজার ছলে লিখেছিলেন, 'আপাতত আমি একটু ড্রাইভে যাচ্ছি'। অন্য একটি ভাইরাল ভিডিয়োতে তাঁকে ‘জয় হিন্দ’ বলতেও শোনা যায়। বিক্ষোভ চলাকালীন তাঁদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এরপর বাড়ি ফেরার পথে তাঁদের নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে সমাজমাধ্যমে জানিয়েছেন লেখা।
এবার ‘ককরোচ’ বিক্ষোভে যোগ দিতেই বিপাকে পড়েন অভিনেতা। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, ইমরান খান আদতে মার্কিন নাগরিক। ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ইমরানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।




