স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে দলবদলের বাজারে এখন তুমুল তৎপরতা। তার মধ্যেই তিনটি বড় দলের অধিনায়ক বদলের সম্ভাবনা দেখছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাঁর মতে, আগামী মরশুমে লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স নতুন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিতে পারে। কোন দলের নেতৃত্বে কে আসতে পারেন, সেই সম্ভাব্য তালিকাও দিয়েছেন ফাফ।
লখনউয়ের ক্ষেত্রে তাঁর পছন্দ এইডেন মার্করাম অথবা মিচেল মার্শ। গত মরশুমে ঋষভ পন্থের নেতৃত্বে খেলেছিল লখনউ। কিন্তু পন্থ দিল্লি ক্যাপিটালসে ফিরে যাওয়ায় অধিনায়কের পদে নতুন মুখ খুঁজতে হবে দলকে। তার উপর গত দুই মরশুমেই লখনউ পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে শেষ করেছে। ফলে নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোই হবে তাদের লক্ষ্য।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ফাফের পছন্দ রিঙ্কু সিং। তবে হার্দিক পান্ডিয়া যদি মুম্বই ছেড়ে কলকাতায় আসেন, তা হলে তিনিও নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন। গত মরশুমে অজিঙ্কা রাহানের হাতে ছিল কেকেআরের অধিনায়কত্ব। কিন্তু তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে। গত দুই মরশুমে প্লে-অফেও উঠতে পারেনি কলকাতা।
মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে রোহিত শর্মা অথবা জসপ্রীত বুমরাহকে অধিনায়ক হিসেবে দেখছেন ফাফ। গত দুই মরশুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলেছে মুম্বই। কিন্তু তাঁর দলবদলের জল্পনা নতুন করে নেতৃত্বের অঙ্ক জটিল করেছে। গত মরশুমে দশ দলের মধ্যে নবম স্থানে শেষ করেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এ দিকে হার্দিককে দলে পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংস। সম্ভাব্য দলবদলে হার্দিক পঞ্জাবে গেলে বাঁহাতি পেসার অর্শদীপ সিং এবং উইকেটকিপার-ব্যাটার বিষ্ণু বিনোদ মুম্বইয়ে যেতে পারেন। তবে কলকাতা, রাজস্থান রয়্যালস এবং লখনউও হার্দিককে পাওয়ার দৌড়ে রয়েছে। ১৭ নভেম্বর ক্রিকেটার ধরে রাখার শেষ দিন। তার আগে দলবদলের বাজারে আরও বড় চমকের অপেক্ষায় আইপিএল।




