বারুইপুরের পর উত্তরপ্রদেশের গুরুগ্রাম, খবরের শিরোনামে ফের পুলিশি এনকাউন্টার। গভীর রাতে পুলিশ ও কুখ্যাত গ্যাংস্টারদের মধ্যে তুমুল গুলির লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নিল সুশান্ত লোক ফেজ-২ এলাকা। প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পুলিশের এনকাউন্টারে খতম চার কুখ্যাত দুষ্কৃতী। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন তিন পুলিশকর্মীও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে খবর আসে যে একটি স্করপিও গাড়িতে করে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী সুশান্ত লোক ফেজ-২ এলাকায় ঘোরাফেরা করছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গুরুগ্রাম পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ দল। তদন্তকারীদের দাবি, বিদেশ থেকে গ্যাং পরিচালনাকারী কুখ্যাত গ্যাংস্টার দীপক নান্দালের দলের সদস্যরা এক স্থানীয় ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। অভিযোগ, এর আগে ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের তোলা দাবি করা হয়েছিল। সেই দাবি না মানায় হামলা চালানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতীদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু আত্মসমর্পণের বদলে পুলিশকে লক্ষ্য করেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এরপরই শুরু হয় দু'পক্ষের তুমুল গুলির লড়াই। পালটা জবাব দেয় পুলিশও। প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পাঁচ দুষ্কৃতী গুলিবিদ্ধ হয়। আহতদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। অপর এক দুষ্কৃতীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিযানের সময় গুলিবিদ্ধ হন তিন পুলিশকর্মী। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গুরুগ্রাম পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি জানিয়েছেন, মৃত ও আহত দুষ্কৃতীদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে। খুব শীঘ্রই তাদের বিস্তারিত পরিচয় এবং গ্যাং-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দীপক নান্দালের গ্যাংয়ের বিরুদ্ধে আরও কী কী অপরাধের যোগ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।