কলকাতা, নিউজ ডেস্ক: পুজোর মুখে কলকাতার বাজারগুলিতে খাবারের গুণমান নিয়ে নজরদারি বাড়াল কলকাতা পুরসভা। এবার আচমকা গড়িয়াহাট বাজারে পৌঁছল কলকাতা পুরসভার খাদ্য নিরাপত্তা বিভাগের দল। বাজারের বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর মান, সংরক্ষণ পদ্ধতি এবং বিক্রির উপযোগিতা খতিয়ে দেখা হয়।
অভিযানের সময় মাংসের মজুত নিয়ে সন্দেহ তৈরি হয় আধিকারিকদের। কাঁচামাল সংরক্ষণের ক্রেট খুলেই দেখা যায়, তাতে কাঁড়ি কাঁড়ি চিকেন-মাটনের প্যাকেট। এরপরই তড়িঘড়ি ফ্রোজেন মাংস বাজেয়াপ্ত করে পুরসভা। ব্যবহারের অযোগ্য করতে তাতে ঢালা হয় ফিনাইল, পুরসভার গাড়িতে করে সেগুলি ফেলা হয় ভ্যাটে। মাছের গুণগত মান যাচাই করতে সব মাছের দোকান থেকে নমুনা সংগ্রহ করেন ফুড সেফটি আধিকারিকরা।
সম্প্রতি, শহরের বাজার ও রেস্তোরাঁয় খাবার সংরক্ষণের ক্ষেত্রে আকস্মিক অভিযান চালাচ্ছে KMC। হোটেল, রেস্তোরাঁয় এবং নানা খাবারের স্টলে হানা দিয়েছিলেন তাঁরা। বিশেষ করে মাংস, মাছ-সহ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন খাদ্যসামগ্রী কতদিন ধরে সংরক্ষণ করা হচ্ছে, তার উপর জোর দেওয়া হচ্ছে। খাদ্যসামগ্রীর গায়ে প্রয়োজনীয় লেবেল ও মেয়াদ সংক্রান্ত তথ্য রয়েছে কি না, তাও দেখা হচ্ছে।
পুরসভার এই অভিযানের একটাই লক্ষ্য, অস্বাস্থ্যকর বা খাওয়ার অযোগ্য খাবার যাতে কোনওভাবেই ক্রেতাদের কাছে পৌঁছতে না পারে। শহর থেকে জেলার হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান এবং দুধ উৎপাদন কেন্দ্রগুলিতে নজরদারির পর এবার আমজনতার কাঁচা বাজারেও হানা দিল খাদ্য সুরক্ষা দলের অফিসাররা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গড়িয়াহাট বাজারে।