বেশ কিছুদিন ছুটির পর ফের লাল বলের ক্রিকেটে ফিরছে ভারত। আগামী ১৫ আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে শুভমান গিলের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। সামনে রয়েছে আরও নয়টি টেস্ট। হিসেব বলছে, ফাইনালের টিকিট পেতে হলে অন্তত ৭ থেকে ৮টি ম্যাচে জিততেই হবে। এই মুহূর্তে দৌড়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
এ দিকে সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে না ভারতের পক্ষে। গুরু গম্ভীরের অধীনে ইতিমধ্যেই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হেরেছে ভারত। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে সমালোচনা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তের মতে, শ্রীলঙ্কা সফর কার্যত গম্ভীরের অগ্নিপরীক্ষা। তাঁর কথায়, দল খারাপ খেললে কোচ, অধিনায়ক, ক্রিকেটার—সবার দিকেই প্রশ্ন উঠবে। টানা সিরিজ হার কোনওভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দীপ বলেন, “তিনটি সিরিজের মধ্যে দু'টিতেই হারতে হয়েছে। ফলে চাপ তো থাকবেই। তবে গম্ভীর, শুভমান গিল বা দলের ক্রিকেটাররা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সামলাতে জানে। এখন মাঠে তার প্রমাণ দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
ভারতীয় দলে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দীপ। তাঁর মতে, পরিবর্তনের কথা অনেক শোনা গেলেও সেই পরিবর্তনের স্পষ্ট কোনও দিশা এখনও চোখে পড়ছে না। ঠিক কোন পথে এগোচ্ছে এই নতুন ভারতীয় দল, তা নিয়েই সংশয় রয়েছে তাঁর। তাই শ্রীলঙ্কা সিরিজ শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক মেলানোর লড়াই নয়, গৌতম গম্ভীরের কোচিং দর্শন এবং ভারতের ভবিষ্যৎ পথ চলারও বড় পরীক্ষা হতে চলেছে।