দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ১ অগাস্ট কলকাতায় ফিরছেন লেখিকা তসলিমা নাসরিন। তার আগে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তিনি।
তসলিমার দাবি, রাজ্য সরকারের নিরাপত্তা নিশ্চিত করার কারণেই তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব হচ্ছে। আগামী ১ অগাস্ট রবীন্দ্র সদনে সেকুলার মিশন, এইচআরবিএফএফ এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। অনুষ্ঠানে তাঁর কবিতা পাঠের পাশাপাশি থাকবে মৌসুমী হোসেনের কবিতার গান।
সোশ্যাল মিডিয়ায় তসলিমা লেখেন, “আমি কেন কলকাতায় যেতে পারছি? সেকুলার মিশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে বলে? না, শুধু আমন্ত্রণের কারণে নয়। আমন্ত্রণ উপলক্ষ মাত্র। আমার যাওয়া সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাকে নিরাপত্তা দিচ্ছে বলে। নিরাপত্তা না পেলে আমার পক্ষে কলকাতায় যাওয়া সম্ভব হত না। এ জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞ।”
একই পোস্টে মৌলবাদীদেরও তীব্র ভাষায় আক্রমণ করেছেন লেখিকা। তাঁর বক্তব্য, ইসলাম নিয়ে নিজের মতপ্রকাশের কারণেই জঙ্গি ও জিহাদিদের হুমকির মুখে থাকতে হচ্ছে তাঁকে। তিনি দাবি করেন, মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মের সমালোচনাকে সমাজ স্বাভাবিকভাবে মেনে নিলে এমন পরিস্থিতি তৈরি হত না।
উল্লেখ্য, ২০০৭ সালের নভেম্বরে কলকাতায় তাঁর অবস্থান ঘিরে ব্যাপক বিক্ষোভ ও অশান্তির পর তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে শহর ছাড়তে বাধ্য হন তসলিমা নাসরিন। তারপর আর কলকাতায় ফেরা হয়নি তাঁর। প্রায় ১৯ বছর পর এবার রাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ফের কলকাতায় আসছেন বিতর্কিত এই লেখিকা।




