মহারাষ্ট্র অন্যতম জনপ্রিয় কংগ্রেস নেতা নানা পাটোলে। সম্প্রতি তার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ভিডিও কে ঘিরেই বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা নানা পাটোলে সোফায় বসে রয়েছেন। আর দুই ব্যক্তি দুধ ও জল দিয়ে তার পা ধুয়ে দিচ্ছেন। এখানেই শেষ নয় পা ধোয়ার পরে তারা তাকে ফুল ও ফল নিবেদন করছেন। এবং এই সময়তে নানা পাটোলেকে দেখা যাচ্ছে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে। এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট হয়েছিল। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। আর তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
এই ঘটনাকে হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা চন্দ্রশেখর বাবনাকুলে বলেন, এই ঘটনা নিন্দনীয়। এর মধ্যে দিয়েই কংগ্রেসের সামন্ততান্ত্রিক ও অহংকারী রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন দেখা যাচ্ছে। জননেতার এই আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে কখনোই মানানসই নয় বলে দাবি করেন তিনি।
অপরদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা নানা পাটোলে। এ বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গুরু পূর্ণিমায় যারা তার পা ধুয়ে দিচ্ছিলেন তারা তারই পরিবারের ছোট সদস্য। একেবারেই স্বেচ্ছায় তাকে গুরু হিসেবে সম্মান জানিয়ে এই রীতি পালন করেছেন তারা। এখানে কোনো জোড়াজুড়ি বা রাজনৈতিক বার্তা নেই। এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই এটা সম্পূর্ণই তার পারিবারিক বিষয়।
বর্তমানে এই ভাইরাল ভিডিওকে ঘিরে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কংগ্রেস বিজেপির বাকযুদ্ধের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এই বিষয়টি ভালোভাবে নিলেও অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এখন মহারাষ্ট্রের রাজনীতিতে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে এই ভিডিও।