উৎসব মানেই খাওয়াদাওয়া! আর দীপাবলির আনন্দে মিষ্টিমুখ না হলে যেন উদযাপনটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে অতিরিক্ত চিনি, ক্যালোরি ও মিষ্টি খাবার নিয়ে যাঁরা সচেতন, তাঁদের অনেক সময় উৎসবের খাবার থেকে দূরে থাকতে হয়। কিন্তু স্বাদের সঙ্গে আপস না করেও যে স্বাস্থ্যকর মিষ্টি তৈরি করা সম্ভব, তারই তিনটি সহজ রেসিপির সন্ধান দিচ্ছেন বিশেষজ্ঞরা।
১. চিনি ছাড়া কেশর নারকেলের লাড্ডু
এই লাড্ডু তৈরির জন্য প্রয়োজন এক কাপ শুকনো নারকেল কোরা, আধ কাপ মিল্ক পাউডার, এক চতুর্থাংশ কাপ দুধ, দু’চামচ ঘি, সামান্য জাফরান, এলাচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী মঙ্ক ফ্রুট সুইটনার।
প্রথমে কড়াইয়ে ঘি গরম করে নারকেল কোরা হালকা ভেজে নিতে হবে। এরপর তাতে মিল্ক পাউডার, জাফরান মেশানো দুধ ও সাধারণ দুধ দিয়ে অল্প আঁচে নাড়তে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো ও সুইটনার মিশিয়ে নিতে হবে। কিছুটা ঠান্ডা হলে ছোট ছোট লাড্ডুর আকার দিয়ে নারকেল কোরা মাখিয়ে নিতে হবে। পরিবেশনের আগে ২০ মিনিট ফ্রিজে রাখলেই তৈরি কেশর নারকেলের লাড্ডু।
২. রাগির চকোলেট মোদক
চকোলেটপ্রেমীদের জন্য এই পদটি বেশ জনপ্রিয়। এর জন্য প্রয়োজন আধ কাপ রাগির আটা, দু’চামচ চিনি ছাড়া কোকো পাউডার, দু’চামচ আমন্ড বাটার, দু’চামচ ঘি, এক চতুর্থাংশ কাপ দুধ, মঙ্ক ফ্রুট সুইটনার, ৪০ গ্রাম চিনি ছাড়া ডার্ক চকোলেট এবং সামান্য এলাচ গুঁড়ো।
প্রথমে অল্প আঁচে রাগির আটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। এরপর কোকো পাউডার, ঘি ও আমন্ড বাটার মিশিয়ে ধীরে ধীরে দুধ দিতে হবে। মিশ্রণটি মণ্ডের মতো হয়ে এলে সুইটনার ও এলাচ গুঁড়ো যোগ করতে হবে। ঠান্ডা হওয়ার পর ভালো করে মেখে মোদকের ছাঁচে ভরে আকার দিতে হবে। সবশেষে গলানো ডার্ক চকোলেট ছড়িয়ে ফ্রিজে রেখে জমিয়ে নিলেই তৈরি রাগির চকোলেট মোদক।
৩. বেকড অ্যাপল সিনামন ক্রাম্বল
যাঁরা একটু অন্য ধরনের ডেজার্ট পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে আপেল ও দারুচিনির এই পদ। এর জন্য লাগবে দু’টি মাঝারি আকারের আপেল, আধ চামচ দারুচিনি গুঁড়ো, এক চামচ লেবুর রস, আধ কাপ রোলড ওটস, দু’চামচ আমন্ড ফ্লাওয়ার, এক চামচ কুচোনো আমন্ড ও আখরোট, এক চামচ ঘি এবং স্বাদ অনুযায়ী মঙ্ক ফ্রুট সুইটনার।
প্রথমে আপেল ছোট ছোট টুকরো করে কেটে তার সঙ্গে দারুচিনি গুঁড়ো, লেবুর রস ও সুইটনার মিশিয়ে নিতে হবে। এরপর একটি বেকিং ডিশে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে। অন্য একটি পাত্রে ওটস, আমন্ড ফ্লাওয়ার, কুচোনো বাদাম ও ঘি ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি আপেলের উপর ছড়িয়ে ২০ থেকে ২৫ মিনিট বেক করতে হবে। আপেল নরম হয়ে উপরের স্তর সোনালি রং হলেই তৈরি ডেজার্ট।




