আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রোয় বড় অগ্রগতি। এবার সেই প্রকল্পকে বাস্তব রূপ দিতে দ্রুতগতিতে এগোচ্ছে কাজ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে বিশ্বব্যাঙ্ককে সঙ্গে নিয়ে প্রজেক্ট তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী চিংড়িহাটার মেট্রোর জটের কথাও বলেন যে, 'আগের সরকার যা ১৭ মাসেও মেটাতে পারেনি। বর্তমান সরকার কিন্তু ১৭ দিনেই মিটিয়ে দিয়েছি ছাড়াও কলকাতা মেট্রোর জোকা থেকে বিমানবন্দর লাইন সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গিয়েছে।'
অন্যদিকে, রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আসানসোল ও দুর্গাপুরকে আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যতে মেগা সিটিতে উন্নীত করার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তাঁর কথায়,দুই শিল্পশহরের মধ্যে দ্রুত,নিরাপদ এবং আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য।
বর্তমানে দুটি শহরের মধ্যে ট্রেনযোগে যেতে সময় লাগে প্রায় ৩০ মিনিট এবং সড়কপথে ৩৫ থেকে ৪০ মিনিট। তাই এই অঞ্চলে একটি আধুনিক 'মাস র্যাপিড ট্রানজিট সিস্টেম' গড়ে তুলতে সরকার অত্যন্ত আন্তরিক।
প্রকল্পের কৌশলগত দিক ব্যাখ্যা করে জানা গিয়েছে, প্রথাগত ভূগর্ভস্থ ব্যবস্থার তুলনায় এই 'এরিয়াল মেট্রো' অনেক বেশি হালকা এবং সাশ্রয়ী। তাই কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞ সংস্থা 'রাইটস'কে। শুধু মেট্রোই নয়,বার্নপুরের সঙ্গে বাঁকুড়াকে যুক্ত করতে দামোদর নদের ওপর একটি নতুন সেতুর সমীক্ষাও প্রায় শেষ করে এনেছে সংস্থাটি, যার পরেই শুরু হবে ডিপিআর তৈরির কাজ।