কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্টেই দাপুটে জয় ছিনিয়ে নিল ভারত। গলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে আয়োজকদের ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেলেন শুভমান গিলরা। জয়ের নায়ক বাঁহাতি স্পিনার মানব সুথার। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট তুলে নিয়ে ভারতকে চালকের আসনে বসিয়ে দেন সুথার। চতুর্থ ইনিংসে প্রতিপক্ষের সামনে ৩৭২ রানের বিশাল লক্ষ্যমাত্রা রেখেছিলেন গিলরা। জবাবে লঙ্কাবাহিনী শেষ ২০৬-এই।
প্রথম ইনিংস থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিল ভারত। ব্যাট হাতে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে শতরান করেন দেবদত্ত পাড়িক্কাল। তাঁর ১৬৭ রান এবং কে এল রাহুল ও ধ্রুব জুরেলের হাফ সেঞ্চুরির সুবাদে দ্বীপরাষ্ট্রের বোলারদের সামলে ভারত পৌঁছে যায় ৪৬২-এর সুরক্ষিত স্কোরে। এর জবাবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ধারাবাহিকতা একেবারেই দেখা যায়নি। ভারতের বোলিং আক্রমণকে সামলাতে গিয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। আর সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন সুথার। তাঁর নিয়ন্ত্রিত স্পিন এবং উইকেট নেওয়ার ক্ষমতা এনে দেয় ১৭৮ রানের পাহাড়প্রমাণ লিড। সব মিলিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন সুথার।
দ্বিতীয় ইনিংসেও বদলাল না সেই ছবি। ম্যাচ যত গড়িয়েছে, ততই কার্যকর হয়ে উঠেছে ভারতীয় স্পিন। শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে শতরান করা সোনাল দিনুশা দ্বিতীয় ইনিংসেও ৮৪ রানের ইনিংসে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সুথারের সামনে বার বার সমস্যায় পড়েছেন বাকিরা। অন্যদিকে ৫৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, বড় মঞ্চে সুযোগ পেলে নিজের সামর্থ্য প্রমাণ করার ক্ষমতা তাঁর রয়েছে। একটি টেস্ট ম্যাচে ১০ উইকেট নেওয়া যে কোনও বোলারের কাছেই বিশেষ কৃতিত্ব। সুথারের এই পারফরম্যান্স শুধু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়নি। ভারতীয় দলের বেঞ্চ-শক্তির ছবিটাও সামনে এনেছে। তাঁর সঙ্গে দলের অন্য বোলাররাও প্রয়োজনের সময়ে চাপ বজায় রেখেছেন।
শেষ পর্যন্ত ১৬৫ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। সিরিজের শুরুতেই এমন বড় ব্যবধানে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় শিবিরে। বিশেষ করে বিদেশের মাটিতে স্পিন-নির্ভর বোলিং আক্রমণের এমন সাফল্য দলের জন্য বড় প্রাপ্তি। আর মানব সুথারের ১০ উইকেটের পারফরম্যান্স ম্যাচের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হয়ে রইল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট-বল, দুই বিভাগেই নিয়ন্ত্রণ দেখিয়ে ভারত বুঝিয়ে দিল, সিরিজের শুরুটা তাদের দখলেই। এখন নজর দ্বিতীয় টেস্টে। সেখানে এই ছন্দ ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে পারে কি না ভারত, সেটাই দেখার।