স্পোর্টস ডেস্ক: হয়তো এই কারণেই বলে, ভাগ্যবানের সাথ দেয় ভগবান। মাঠে লড়াই তো দূরের কথা, টস অবধি হল না। তা সত্ত্বেও এশিয়ান গেমসে (Asian Games 2026) সোনা ধরে রাখার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল মেন ইন ব্লু। লাগাতার বৃষ্টির সৌজন্যেই কোয়ার্টার ফাইনাল না খেলেই সরাসরি সেমিফাইনালে শ্রেয়স আইয়ারেরা। সোমবার জাপানের নিসশিনে বৃষ্টির জেরে পুরোপুরি ভেস্তে গেল পুরুষদের ক্রিকেট ইভেন্টে ভারত বনাম আফগানিস্তান কোয়ার্টার ফাইনাল। টস পর্যন্ত করা সম্ভব হয়নি। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়ারেরা। ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত (Indian Cricket Team)। তবে মাঠে নেমে লড়াই করার সুযোগ না পাওয়ায় হতাশ ক্রিকেটপ্রেমীরা।
সোমবার সকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল জাপানের নিসশিনে। আকাশের মুখ ভার থাকলেও নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু লাগাতার বৃষ্টিতে মাঠ ঢেকে রাখতে হয় কভার দিয়ে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় টসও করা যায়নি। মাঝে মধ্যে অবশ্য বৃষ্টি থেমেছে। কিন্তু মাঠের অবস্থা খেলার উপযোগী ছিল না। দীর্ঘ অপেক্ষার পর সকাল ৯টা ৪৬ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। ফলে এশিয়াডের গুরুত্বপূর্ণ এই ম্যাচে এক বলও খেলা হল না। মাঠে নামার আগেই বিদায় নিতে হল আফগানিস্তানকে। অন্যদিকে, কোনও বল না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ভারত।
https://x.com/TheKhelIndia/status/2104428551147856266
এ বারের এশিয়ান গেমসে সোনা ধরে রাখার লক্ষ্য নিয়ে পূর্ণশক্তির দলই পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রেয়সের নেতৃত্বে দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনের মতো তারকারা। তাঁদের সামনে আফগানিস্তানের দ্বিতীয় সারির দল থাকলেও বৃষ্টির কারণে শক্তির পরীক্ষা দেওয়ার সুযোগই মিলল না কোনও। মাত্র কিছুদিন আগে জাপানের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিল ভারত। এ বার বৃষ্টির বাধা পেরিয়ে সরাসরি শেষ চারে পৌঁছে গেল শ্রেয়সের দল। তবে সেমিফাইনালে প্রতিপক্ষ কে হবে, তা জানতে অপেক্ষা করতে হবে। ১ অক্টোবর সেমিফাইনালে শ্রীলঙ্কা অথবা নেপালের মুখোমুখি হতে হবে টিম ইন্ডিয়াকে।
এ দিকে সোমবার একই কারণে ভেস্তে গিয়েছে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনালও। সেই ম্যাচেও টস করা সম্ভব হয়নি। আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় এগিয়ে থাকায় সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। আগামী মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা। ফলে বৃষ্টির কারণে সোমবার এশিয়াডের ক্রিকেটে পর পর দু’টি কোয়ার্টার ফাইনালই বাতিল হয়ে গেল। ভারত ও পাকিস্তান, দুই দলই কোনও ম্যাচ না খেলেই সেমিফাইনালে পৌঁছে গেল। তবে ভারতীয় শিবিরের কাছে এখন লক্ষ্য একটাই। ১ অক্টোবরের সেমিফাইনালে জিতে সোনার লড়াইয়ে জায়গা করে নেওয়া।