নয়াদিল্লি: ট্রেনে সফরের সময় রাতের বেলা আর ইচ্ছেমতো মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিতে পারবেন না যাত্রীরা। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় বন্ধ থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট। অর্থাৎ, টানা ছয় ঘণ্টা কোনও চার্জিং সকেট ব্যবহার করা যাবে না। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল বোর্ড।
সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের একটি ট্রেনে চার্জে বসানো অবস্থায় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ট্রেনের কর্মীরা চার্জিং পয়েন্ট বন্ধ করেননি। এই ঘটনার পরই যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। তার পরেই দেশজুড়ে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে রেল বোর্ড।
গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে সমস্ত রেল জোনের প্রিন্সিপাল চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের উদ্দেশে একটি নির্দেশিকা পাঠানো হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেনের কামরার সমস্ত মোবাইল চার্জিং পয়েন্ট বন্ধ রাখতে হবে। এই নিয়মের ক্ষেত্রে কোনও ব্যতিক্রম করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু নির্দেশ জারি করেই দায়িত্ব শেষ করতে চাইছে না রেল বোর্ড। সংশ্লিষ্ট কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ ও সচেতন করার কথাও বলা হয়েছে। পাশাপাশি নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আধিকারিক ও সুপারভাইজারদের আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ট্রেনে মোবাইল চার্জ দিতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম নয়। ২০২৫ সালের ২৪ অক্টোবর বিহারের সাহারসা জেলার সোনবর্ষা কচহরি স্টেশনের কাছে অমৃতসর-পূর্ণিয়া কোর্ট জনসেবা এক্সপ্রেসের একটি সাধারণ কামরায় আগুন লাগে। রেলের প্রাথমিক তথ্য অনুযায়ী, চার্জে বসানো অবস্থায় একটি মোবাইল ফোন বিস্ফোরণের জেরেই আগুন ছড়িয়েছিল। যদিও সেই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলের নতুন নির্দেশের ফলে রাতের সফরে যাত্রীদের চার্জ দেওয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। তাই দীর্ঘ যাত্রায় বেরোনোর আগে মোবাইল সম্পূর্ণ চার্জ করে নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করাই হবে বুদ্ধিমানের কাজ।




