নদীর উপরে চলে জাহাজ। এর ফলে বারে বারে বিপর্যস্ত হচ্ছে নুরপুরের নদীবাঁধ। বিপাকে স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, গত ১২-ই আগস্ট সিঙ্গাপুরের একটি পণ্যবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নদী বাঁধে ধাক্কা মারে। এর ফলে প্রায় ১০ ফুট পর্যন্ত ওই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বর্ষার এই পরিস্থিতির মাঝেই কোনরকমে বাঁধ মেরামত করেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।
এই ঘটনার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। বারে বারে এই নুরপুর এলাকাতেই কেন ঘটে চলেছে জাহাজ দুর্ঘটনা? এই প্রশ্নই চলেছে সকলের মনে। এরই উত্তর খুঁজতে এবার সরোজমিনে তদন্তে নামল প্রশাসন ও কলকাতা পোর্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল খতিয়ে দেখা হয় তাদের তরফ থেকে। কলকাতা পোর্টের মেরিন সেফটি ডাইরেক্টর, দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক, ডায়মন্ড হারবারের মহকুমাশাসক, সেচ দফতরের আধিকারিক এবং পোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা ও বিজেপি প্রতিনিধিরা নিজেরা গিয়ে সমস্ত এলাকা পরিদর্শন করে দেখেন।
প্রাথমিকভাবে এই তদন্তে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হুগলি নদী ও রুপনারায়নপুর নদীর সংযোগস্থল এই নুরপুর পয়েন্ট। বর্ষার ভরা কটালে স্রোতের গতিবেগ আরও বেড়ে যায়। আর সেই প্রবল স্রোতের ধাক্কাতেই জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে নদীবাঁধের দিকে চলে আসছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এটাই যে চূড়ান্ত কারণ তা নয় আরো সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
ঘটনাস্থলে আসার কথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। তাঁর সঙ্গে কেন্দ্রীয় জাহাজ ও নদী বিশেষজ্ঞ দলেরও আসার কথা রয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের পর আগামী কয়েক দিনের মধ্যেই নুরপুরে জাহাজ দুর্ঘটনা রুখতে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের কাছে এখন চিন্তার বড় কারণ হয়ে উঠেছে নুরপুর। ঘটনার কারণ খতিয়ে দেখতে তৎপর হয়েছে প্রশাসন।