কলকাতা, নিউজ ডেস্ক: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে এ বার সরাসরি তাঁর বাড়ির সামনেই বিক্ষোভ দেখাল কংগ্রেস। “ভোট চোর” এবং "গদ্দার জ্ঞানেশ!" উত্তরপ্রদেশের আগ্রায় কমিশনারের বাড়ির মূল ফটকে কালো রং লাগিয়ে এই দুই স্লোগানই লিখে দেন কংগ্রেস কর্মীরা। সোমবার সকালে যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে উত্তরপ্রদেশ কংগ্রেস। সেই কর্মসূচিরই অংশ হিসাবে এ দিন আগ্রায় মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সেই কারণেই জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন তাঁরা।
সোমবার সকালে আগ্রার হরিপর্বত এলাকায় জ্ঞানেশ কুমারের বাড়ির সামনে জড়ো হন কংগ্রেস কর্মীরা। উত্তরপ্রদেশের প্রতিটি জেলার সদর দফতর থেকে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল প্রদেশ কংগ্রেস। সেই মিছিলের অংশ হিসাবেই আগ্রায় বিক্ষোভ দেখাতে পৌঁছন দলীয় কর্মীরা। এক সময় বিক্ষোভকারীরা জ্ঞানেশ কুমারের বাড়ির মূল ফটকের সামনে চলে যান। সেখানেই ফটকের গায়ে কালো রং লাগিয়ে দেন তাঁরা। এতেই শেষ নয়। বাড়ির ফটকের দেওয়ালে স্প্রে-পেন্ট দিয়ে লিখে দেওয়া হয় "ভোট চোর" এবং “গদ্দার জ্ঞানেশ” স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
https://x.com/yasarullah/status/2104495602033737882
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ফটকে লেখা স্লোগান মুছে ফেলার ব্যবস্থা করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সেই উদ্দেশ্যে এলাকার বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করার কথা জানানো হয়নি।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গোটা দেশজুড়েই আন্দোলনে নেমেছে কংগ্রেস। কর্ণাটক, বিহার, রাজস্থানের পাশাপাশি সোমবার উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই কর্মসূচিকে ঘিরেই আগ্রায় এই ঘটনা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ ক্রমশ তীব্র হচ্ছে। তবে কমিশনারের বাড়ির ফটকে কালো রং লাগিয়ে স্লোগান লেখার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করার পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।