নিউজ ডেস্ক: রবিবার কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এর ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সঙ্গে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (ABGP) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পরই সরব হয়ে ওঠে চলচ্চিত্র মহলের একাংশ।
রবিবার রাতে এসআরএফটিআই স্টুডেন্টস ইউনিয়নের একটি বিবৃতি ইনস্টাগ্রামে শেয়ার করেন পরিচালক অনুরাগ কাশ্যপ। পোস্টটির ক্যাপশনে তিনি ভারতীয় জনতা পার্টিকে (BJP) কটাক্ষ করে লেখেন, “বাংলায় ভোট চুরি করার জন্য এটাই তারা করেছে। এরকম আরও অনেক কিছুই হয়েছে।”
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ক্যাম্পাসে হিংসার ঘটনার তীব্র নিন্দা করেন। ফেসবুকে তিনি লেখেন, “এসআরএফটিআই ক্যাম্পাসের ভিতরে হিংসা ও বিশৃঙ্খলার তীব্র নিন্দা করছি। পুলিশ ও প্রশাসনের উচিত যত দ্রুত সম্ভব এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা।”
সম্প্রতি সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতে কাজ করা অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও এই ঘটনায় মুখ খোলেন। ঋত্বিক তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “যাঁদের সংস্কৃতির মধ্যে পড়াশোনা না করেই শিক্ষা প্রতিষ্ঠানের গেট টপকে ঢুকে পড়া রয়েছে, তাঁরা নিঃসন্দেহে সংস্কৃতিহীন ও অশিক্ষিত এবং অনেকাংশেই সরাসরি গুন্ডা।”
পরিচালক ও অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়ও ফেসবুকে নিজের প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তোলেন, “যে সংগঠনের শিল্পকলা, টেলিভিশন বা চলচ্চিত্রের সঙ্গে কোনও সম্পর্ক নেই, তাদের একটি অনুষ্ঠান সরকারি চলচ্চিত্র প্রতিষ্ঠানের ভিতরে করার অনুমতি কে দিল? এটি তো কেন্দ্রীয় সরকারের অধীন একটি স্বশাসিত প্রতিষ্ঠান।”
পরিচালক সুদেষ্ণা রায়ও ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান। তিনি লেখেন, “এসআরএফটিআই-তে যা ঘটেছে, তা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। বিষয়টির যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। ছাত্রছাত্রীরা নিরাপদ ছিলেন না। তাঁদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন আবার এই ঘটনা নিয়ে চলচ্চিত্র জগতের যে সমস্ত মানুষ নীরব রয়েছেন, তাঁদেরও প্রশ্নের মুখে দাঁড় করান। তিনি লেখেন, “বাংলা চলচ্চিত্র জগতের অধিকাংশ শিল্পী ও কলাকুশলী এসআরএফটিআই-এর ছাত্রছাত্রী ও সদস্যদের উপর এবিজিপির শারীরিক হামলার প্রতিবাদ করবেন না। কেন? কারণ তাঁরা সত্যজিৎ রায় বা উত্তমকুমারের জন্মশতবর্ষ উদ্যাপনে ব্যস্ত। কিন্তু এক শতাব্দী পর যখন চলচ্চিত্রের ছাত্রছাত্রীরা নির্মমভাবে মার খাচ্ছেন, তখন তাঁদের কোথাও দেখা যাচ্ছে না।”
পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য ক্যাম্পাসে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছবিতে আহত ছাত্রছাত্রীদের রক্ত দিয়ে ‘RSS’ লেখা হয়েছে বলে দেখা যায়। ছবির সঙ্গে তিনি লেখেন, “আর কতটা হত্যা করবে?”

পরিচালক ও চিত্রনাট্যকার সুব্রত সেনও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান। তিনি লেখেন, “এসআরএফটিআই-তে যা ঘটেছে, তার নিন্দা জানানোর মতো ভাষা আমার কাছে নেই। চলচ্চিত্র, টেলিভিশন এবং অডিয়োভিজুয়াল শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত, প্রতিবাদ করা উচিত এবং দোষীদের শাস্তির দাবি জানানো উচিত।”
চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার কৌশিক গঙ্গোপাধ্যায়ও শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা ভাড়া দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ভবিষ্যতে কোনও জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের কোনও অংশ ভাড়া দেওয়ার আগে কর্তৃপক্ষের বিবেচনা করা।