স্পোর্টস ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। আগামী ১০ অক্টোবর থেকে শুরু আইএসএল । এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে । চলবে ২০২৭ মে পর্যন্ত । শুধু দিনক্ষণই নয়, কোন ফরম্যাটে হবে ম্যাচ, সেই কথাও জানিয়ে দিল AIFF। খেলা হবে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ফরম্যাটে।
এদিন AIFF-এর পক্ষ থেকে জানান হয়, ক্লাবগুলি জোটবদ্ধ হয়ে আইএসএল চালাবে। আয়োজন এবং নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে। ১০ অক্টোবর থেকে শুরু হবে লিগ । চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত। খেলবে ১৩টি দল। চিরাচরিত হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে লিগ ।
পুরনো ভাবেই লিগ পর্ব শেষে যে দল শীর্ষে থাকবে, তাদের শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এরপর সেরা ৬ দল নিয়ে হবে প্লেঅফ ফরম্যাট। আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করবে। এই সেরা ৬ এ যে দল জয়ী হবে, তারাই চ্যাম্পিয়ন হবে। এবার মোট ১৬৩টি ম্যাচ হবে।
এদিন এই নিয়ে ফেডারেশনের তরফ থেকে বলা হয়, “ ফেডারেশন ও ক্লাব জোট একত্রে লিগ আয়োজন করছে। যা ভারতীয় ফুটবলকে নতুন দিকে নিয়ে যাবে। যাতে ফুটবল ক্যালেন্ডার তৈরি হয়। নতুন ভারতীয় প্রতিভা খুঁজে পাওয়া যায় । ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আদর্শ পরিমণ্ডল গড়ে তোলা লক্ষ্য ।” শুরুতে ১৪টি দলকে নিয়ে লিগ হওয়ার কথা ছিল । কিন্তু শেষ মুহূর্তে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জমা দিতে না পারায় বাদ পড়েছে কলকাতার ডায়মন্ড হারবার এফসি।
এআইএফএফ জানিয়েছে, ডায়মন্ড হারবার এফসির জন্য অবনমনের নিয়মে কোনও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ লিগ টেবিলের একেবারে নীচে রাখা হবে DHFC -কে। যার ফলে পরের মরশুমে অবনমন হয়ে আবার আই লিগে ফিরে যাবে তারা। এছাড়া আগামী মরশুমে উঠে আসবে আই লিগের চ্যাম্পিয়ন দল।
আসন্ন আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, বেঙ্গালুরু এফসি , চেন্নাইয়িন এফসি , চার্চিল ব্রাদার্স, এফসি গোয়া, ইন্টার কাশী, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি , নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।