নিউজ ডেস্ক: 'জ্যেষ্ঠপুত্র'-র পর আবার এক ছবিতে দেখা যাবে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীকে। সঙ্গে থাকছেন অভিনেত্রী ইশা সাহা। ছবির নাম 'জাদুকর সত্যচরণ'। ছবির চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী। পাশাপাশি তিনি ছবিতে চন্দন নামে এক রহস্যময় চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্রকে ঘিরেই গল্পের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হবে। বাংলা সিনেমার একাধিক পরিচিত মুখকে দেখা যাবে এই ছবিতে। রয়েছেন ইশা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত এবং আরও অনেকে।
ম্যাজিকের দুনিয়ায় যা চোখে দেখা যায়, তার হয়তো সবটাই ইন্দ্রজাল। নাকি চোখের সামনে থেকেও আড়ালেই লুকিয়ে থাকে আরও বড় কোনও রহস্য? কখনও অসম্ভবকে সম্ভব বলে মনে করায় জাদু।সেই জাদু আর রহস্যের জগতেই এবার দর্শককে নিয়ে যেতে চলেছে বাংলা সিনেমার নতুন ছবি ‘জাদুকর সত্যচরণ’। স্টারমার্ক সিনেমাস এন্টারটেনমেন্টের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। নাম ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
ছবির ঘোষণা ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল। কারণ ‘জাদুকর সত্যচরণ’-এর গল্পের বড় অংশ এখনও নির্মাতাদের গোপনেই। জানা যাচ্ছে, ছবির কেন্দ্রে রয়েছেন এক খ্যাতনামা ম্যাজিশিয়ান সত্যচরণ। তাঁর পরিচয় যতটা প্রকাশ্যে, তার চেয়ে অনেক বেশি রহস্য লুকিয়ে রয়েছে সেই পরিচয়ের পিছনে। তাঁর উদ্দেশ্য কী, অতীতের সঙ্গে তাঁর কী সম্পর্ক, আর যে অদ্ভুত জগতের মধ্যে গল্প এগোবে, তার সঙ্গে সত্যচরণের যোগ কোথায়, সেই প্রশ্নগুলির উত্তর আপাতত অধরাই।
ছবির গল্পের পরিসরও কম চমকপ্রদ নয়। দর্শককে নিয়ে যাওয়া হবে বেনারসে। তবে বর্তমান সময়ের বেনারস নয়, কাহিনির সময়কাল ২০০৫-০৬। ফলে শহরের পরিচিত আবহের সঙ্গে মিশবে একটি নির্দিষ্ট সময়ের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। বেনারসের গলি, তার রহস্যময় পরিবেশ এবং অতীতের সময়কাল মিলিয়ে ছবির জন্য তৈরি হচ্ছে এক স্বতন্ত্র সিনেম্যাটিক আবহ।
ছবিটির শুটিং শুরু হবে অক্টোবর মাসে। শুটিং হবে বারাণসীতে। এই ছবির শুটিংয়ের জন্য অক্টোবরের গোড়ায় প্রসেনজিত্ থাকছেন শহরের বাইরে। একেবারে দুর্গাপুজোর মুখে শহরে ফিরবেন তিনি।সব পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জাদুকর সত্যচরণ’।
তবে আপাতত সত্যচরণের ম্যাজিকের রহস্যের বাক্স বন্ধই থাকছে। চন্দনের পরিচয়, কালভৈরবের ভূমিকা, কঙ্কাবতীর সঙ্গে তাঁদের সম্পর্ক কিংবা বেনারসের সেই অদ্ভুত জগতের আসল রহস্য, কোনও কিছুই এখনও পুরোপুরি সামনে আসেনি। প্রথম লুক হয়তো সেই অন্ধকারে প্রথম আলো ফেলবে। কিন্তু আসল রহস্য যে আরও গভীরে, তার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট। ম্যাজিকের মঞ্চ তৈরি, চরিত্ররা প্রস্তুত, এবার পর্দা উঠলেই শুরু হবে খেলা।
