প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল ঝাড়খণ্ড। গত কয়েকদিন ধরে রাঁচিতে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে আন্দোলনরত পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে নয়া উদ্যোগ নিল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। দ্বিতীয় দফার বৈঠকের পর আন্দোলনকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ ই-মেল আইডি চালু করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘Gen Z’-এর সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছেন ঝাড়খণ্ডের পড়ুয়া ও চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের তদন্ত, পরীক্ষার ব্যবস্থা আরও স্বচ্ছ করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য সরকার। দ্বিতীয় দফার বৈঠকেও একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারের তরফে আন্দোলনকারীদের বক্তব্য শোনার পাশাপাশি তাঁদের দাবিগুলি নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হয়েছে।
এরপরই সরকার একটি বিশেষ ই-মেল ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেয়। JPSSC.feedback@gmail.com এই ই-মেলের মাধ্যমে আন্দোলনকারী পড়ুয়া ও চাকরিপ্রার্থীরা তাঁদের অভিযোগ, দাবি, পরামর্শ এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা সরাসরি সরকারের কাছে জানাতে পারবেন। অর্থাৎ শুধু বৈঠকের টেবিলেই নয়, ডিজিটাল মাধ্যমেও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখার উদ্যোগ নিয়েছে সরকার।