নিউজ ডেস্ক: গরমের দিনে বা বর্ষাকালে টানা জুতো পরে থাকলে দুর্গন্ধ বের হতে থাকে। অনেকেরই জুতোর ভিতর থেকে তীব্র দুর্গন্ধ বের হয়। অতিরিক্ত ঘামের কারণে জুতোর ভিতরে আর্দ্রতা জমে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি ঘটে, যা দুর্গন্ধের প্রধান কারণ। অনেকেই এই সমস্যা দূর করতে দামি শু-স্প্রে বা ডিওডোরেন্ট ব্যবহার করেন, কিন্তু তাতেও সবসময় কাঙ্ক্ষিত ফল মেলে না।
বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া একটি সহজ উপাদান—বেকিং সোডা—এই সমস্যার কার্যকর সমাধান হতে পারে। বেকিং সোডা জুতোর ভেতরের অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই একে প্রাকৃতিক ডিওডোরাইজার হিসেবেও ধরা হয়। এছাড়াও, দেহে বেশির ভাগ স্বেদগ্রন্থিগুলি থাকে পায়ের পাতায়। পায়ের পাতা ঠান্ডা রাখার জন্য প্রতিনিয়ত সেই গ্রন্থি থেকে ঘাম বেরোতে থাকে। তবে শারীরিক কোনও সমস্যা থাকলে তবেই অতিরিক্ত ঘামার প্রবণতা দেখা যায়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ব্যবহারের জন্য রাতে ঘুমানোর আগে জুতোর ভিতরে এক থেকে দুই চামচ বেকিং সোডা ছড়িয়ে রেখে দিন। সকালে জুতো পরার আগে তা ঝেড়ে ফেললেই দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। এছাড়া একটি টিস্যু বা ছোট কাপড়ে বেকিং সোডা বেঁধে জুতোর ভেতরে রাখলেও একই উপকার পাওয়া যায়।
দুর্গন্ধের সমস্যা এড়াতে প্রতিদিন একই জুতো না পরা, জুতো নিয়মিত রোদে শুকানো, সুতির মোজা ব্যবহার করা এবং পায়ের পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। কম খরচে এবং সহজ উপায়ে জুতোকে সতেজ ও দুর্গন্ধমুক্ত রাখতে বেকিং সোডা হতে পারে কার্যকর সমাধান। পাশাপাশি, রোজ রাতে বাড়ি ফেরার পর ঘরোয়া ফুট স্পা করার কথাও বলেন বিশেষজ্ঞরা।
বিশেষ করে বর্ষায় জুতো পরিষ্কার করার পর তা ভাল ভাবে শুকিয়ে নেওয়া জরুরি। কারণ ভেজা জুতো সরাসরি আলমারি বা জুতোর তাকে তুলে রাখবেন না। আর্দ্রতা আটকে থাকলে দুর্গন্ধ ও ছত্রাকের সমস্যা বাড়তে পারে। আর সেখান থেকে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই জুতো শুকনো রাখুন এবং সম্ভব হলে একই জুতো প্রতিদিন ব্যবহার না করে পালা করে পরুন। একইসঙ্গে, পায়ে গন্ধ হওয়ার সমস্যা যাদের আছে তারা অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া কমিয়ে দিন। চা, কফি বেশি খেলেও এ ধরনের সমস্যা দেখা দেয়।