কলকাতা, নিউজ ডেস্ক: ‘জোড়া ফুল’ প্রতীক কার দখলে থাকবে? যা নিয়ে তৃণমূলের দুই শিবিরের টানাপড়েনের মধ্যে সরাসরি পদক্ষেপ করল নির্বাচন কমিশন।
প্রতীকের দাবিকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের বক্তব্য শুনতে পৃথক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১২ সেপ্টেম্বর দু’পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কমিশনের আধিকারিকরা।
কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টায় প্রথমে ঋতব্রত তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এরপর দুপুর ১২টায় কালীঘাট তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন কমিশনের আধিকারিকরা। দুই শিবিরকেই বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন বলে জানা গিয়েছে।
সামনে রয়েছে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগামী ১৬ সেপ্টেম্বর রেজিনগর ও নন্দীগ্রাম কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। ফলে মনোনয়ন পর্ব শুরুর ঠিক আগে কমিশনের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।