কলকাতায় এসে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী কাজল। বৃহস্পতিবার সকালে মা ভবতারিণীর মন্দিরে পৌঁছে ভক্তিভরে পুজো অর্চনা করেন তিনি। লাল কো-অর্ড সেট পরে দক্ষিণেশ্বরে পৌঁছন কাজল। অভিনেত্রীকে একঝলক দেখতে ভিড় জমান অসংখ্য অনুরাগী। নিরাপত্তাও ছিল কড়া।
এর আগে ‘মা’ ছবির শুটিংয়ের সময়ও কলকাতা ও শান্তিনিকেতনে এসেছিলেন কাজল। সে সময়ও মা তনুজা এবং ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন তিনি। তবে কী কারণে কলকাতায় হঠাৎ আগমন? তা যদিও জানা যায়নি।
গতকাল অর্থাৎ রথযাত্রার দিনেই কলকাতায় পা রেখেছেন তনুজাকন্যা। কাজল কলকাতায় আসতেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেত্রী রাইমা সেনের। ইনস্টাগ্রামে নিজেই কাজলের সঙ্গে ছবি পোস্ট করে রাইমা জানান, তাঁরা দু'জন একটা অসাধারণ সন্ধে কাটিয়েছেন।
রাইমার এই পোস্ট জল্পনা আরও উসকে দিয়েছে। তবে কি বাংলা ছবিতে দেখা যাবে কাজলকে? নাকি টলিউড-বলিউডের মিশেলে তৈরি হচ্ছে কোনও ছবি?




