কলকাতা, নিউজ ডেস্ক: অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার কয়েক মাসের মধ্যেই দল বদল করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি। এর আগে রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনের জন্য তাঁকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। ফলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, এবার বিজেপির প্রার্থী হিসেবেই সেই আসনে ফেরার লড়াইয়ে নামলেন তিনি।
সোমবার বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল জানান, 'মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তাঁর কথায়, 'তিনি কোনও নির্দিষ্ট পরিচয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। অভিনেত্রী কিংবা রাজনীতিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই মানুষের কথা বলতে চান। ছোটবেলা থেকেই মানুষের সেবার সঙ্গে পরিচয় হয়েছিল বলেও জানান তিনি। তাঁর দাবি, মায়ের সঙ্গে ‘মিশনারিজ অফ চ্যারিটি’-তে যাওয়ার অভিজ্ঞতা থেকেই মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি হয়েছিল।
বিজেপিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। বর্তমান সরকারের প্রশাংসায় করেন তিনি। কর্মসংস্থান, শিক্ষা এবং সাধারণ মানুষের উন্নয়নের মতো বিষয়কে সামনে রেখে আগামী দিনে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। কোয়েলের কথায়, 'আমি সত্যি সম্মানিত। এটা বিরাট দায়িত্ব। দেশের মানুষের কল্যাণের দায়িত্ব পালন করতে চাই। আমি চাই বাংলার মানুষ আনন্দে থাকুন। কাজ বাড়ুক। সোশ্যাল মিডিয়ায় লেভেল অফ ফ্রাস্টেশন বেড়ে যাচ্ছে। টক্সিসিটি বেড়ে যাচ্ছে। সেটা কী কারণে বেড়ে যাচ্ছে সেটাও জানতে হবে।'
তৃণমূলের যোগদান কি ভুল সিদ্ধান্ত ছিল? তার উত্তরে বিজেপির রাজ্যসভার প্রার্থীর দাবি, 'আমি কারোর সম্পর্কে খারাপ কথা বলি না। প্রত্যেকটা দল নিজের মত করে ভাল করার চেষ্টা করে। কাউকে ছোট বড় না করে আমি এমন একটা দলে যোগদান করেছি যেখানে বিগত কয়েক মাস ধরে উন্নয়নের কাজ হচ্ছে। সেবা করার শেষ নেই। যত বেশি কাজ হবে পশ্চিমবঙ্গের মানুষ ততই বেশি আনন্দে থাকবে।'
চলতি বছরের শুরুতেই তৃণমূলের তরফে রাজ্যসভার প্রার্থী করা হয়েছিল কোয়েলকে। মার্চে নির্বাচনের পর ৬ এপ্রিল সংসদের উচ্চকক্ষে সাংসদ হিসেবে শপথ নেন তিনি। তবে রাজ্যসভায় তাঁর সাংসদ-জীবন বেশিদিন স্থায়ী হয়নি। বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই, ১৬ জুলাই সাংসদ পদ থেকে ইস্তফা দেন কোয়েল। এরপর থেকেই তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা চলছিল। যে রাজ্যসভা আসন থেকে তৃণমূলের সাংসদ হিসেবে ইস্তফা দিয়েছিলেন, সেই আসনেই এবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোয়েল। আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন হওয়ার কথা। ফলে টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
