কলকাতা, নিউজ ডেস্ক: এবার মাত্র ১ টাকায় মিলবে পেটভরে খাবার। আর্থিকভাবে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে কলকাতার রাজাবাজারে বিশেষ উদ্যোগ নিল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। আজ অর্থাৎ মহালয়ার দিন থেকেই চালু হচ্ছে এই ‘আহার ক্যান্টিন’।
এই ক্যান্টিন চালু করার উদ্যোগ নিয়েছেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্র। তাঁর ব্যক্তিগত উদ্যোগেই শুরু হচ্ছে এই পরিষেবা। পরিকল্পনা অনুযায়ী, প্রতি শনিবার রাজাবাজারে চলবে ক্যান্টিনটি। প্রতিদিন প্রায় ২০০ জনের খাবারের ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। প্রথম দিনের মেনুতে থাকছে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি। মাত্র ১ টাকার বিনিময়ে এই খাবার পাবেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত, রাজ্যে আগে চালু হয়েছিল ৫ টাকায় খাবার দেওয়ার ‘মা ক্যান্টিন’ প্রকল্প। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। মাত্র ৫ টাকায় ভাত, ডাল ও ডিমের তরকারি বা ডিমসেদ্ধ দেওয়া হত। মূলত গরিব মানুষ যাতে নামমাত্র খরচে দুপুরের খাবার পান, তার জন্যই এই ক্যান্টিন চালু করা হয়।
পরবর্তী সময়ে রাজ্যে পালাবদলের পর প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মা আহার ক্যান্টিন’। সেখানে পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি, ডিম এবং নির্দিষ্ট দিনে মাছ-ভাত দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই আবহে রাজাবাজারে লোক জনশক্তি পার্টির (রামবিলাস) রাজ্য সাধারণ সম্পাদক ব্যক্তিগত উদ্যোগে আহার ক্যান্টিন চালু করছেন। ৫ টাকার বদলে এখানে মাত্র ১ টাকাতেই খাবার পাওয়া যাবে। তবে এই পরিষেবা কতটা নিয়মিতভাবে চালানো সম্ভব হয় এবং কত মানুষের কাছে পৌঁছয়, এখন সেটাই দেখার।