কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: গলায় গেরুয়া উত্তরীয়, আর তা ঘিরেই নতুন করে রাজনৈতিক জল্পনা। শুক্রবার বিধানসভা চত্বরে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে গেরুয়া উত্তরীয় পরে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি শিবির বদলের পথে হাঁটছেন বেলেঘাটার বিধায়ক?
শুক্রবার সকালে বিধানসভা চত্বরে কুণাল ঘোষকে কখনও ফোনে কথা বলতে, আবার কখনও কয়েকজনের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায়। তাঁর গলায় ছিল গেরুয়া উত্তরীয়। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। বিশেষ করে গত কয়েকদিনে কুণালের একাধিক রাজনৈতিক কর্মসূচি ও মন্তব্যের পর এই ছবি জল্পনায় নতুন মাত্রা যোগ করে।
তবে পরে বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ জানান, বিধানসভায় গোরক্ষা বাহিনীর সদস্যরা এসেছিলেন। তাঁরাই কুণাল ঘোষকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন। ফলে শুধু গেরুয়া উত্তরীয় পরার ঘটনা থেকেই কুণালের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা দেখার কোনও কারণ নেই বলেই দাবি তাঁর।
সজল ঘোষ স্পষ্ট করে বলেন, গেরুয়া পরেছেন বলেই কুণাল ঘোষ বিজেপিতে যোগ দেবেন, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তাঁর কথায়, বিজেপিতে আসার কোনও চেষ্টা করেও লাভ হবে না।
এর আগে স্বাধীনতা দিবসেও কুণাল ঘোষকে অন্য একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। বেলেঘাটার মেট্রোপলিটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পর তিনি শহিদদের শ্রদ্ধা জানান এবং বক্তব্যও রাখেন। সেই অনুষ্ঠানে তিনি নেতাজিকে অপমানের অভিযোগ নিয়ে সরব হন। পাশাপাশি অনন্ত মহারাজের গ্রেফতারির দাবি এবং সাংসদ পদ খারিজ ও দল থেকে বহিষ্কারের দাবিও তোলেন।
কুণাল অবশ্য জানিয়েছিলেন, নিজের বিধানসভা এলাকার উপর দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান সেখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছে। স্থানীয় বিধায়ক হিসেবে তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
দলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও এর আগে নানা সময়ে আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত দলত্যাগ বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার ঘোষণা করেননি কুণাল ঘোষ। ফলে শুক্রবারের গেরুয়া উত্তরীয়কে ঘিরে তৈরি হওয়া জল্পনা আপাতত রাজনৈতিক মহলের আলোচনাতেই সীমাবদ্ধ।