গভীর রাতে মদের আসরের এক ভয়াবহ পরিণতি। কয়েক মুহূর্তেই রক্তাক্ত গুলি কাণ্ড ঘটে গেল আসরে। ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী থাকলো আশেপাশের মানুষজন। সামান্য বচসা থেকে বিবাদ যা মুহূর্তেই পৌঁছে যায় চরমে। বিবাদের মাঝেই আচমকাই রিভলভার বের করে গুলি চালায় এক দুষ্কৃতী বলে অভিযোগ। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এলাকার পরিচিত যুবক মালিঙ্গা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালিঙ্গার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভার্মা কলোনির একটি জায়গায় গভীর রাতে বসেছিল মদের আসর। সেই সময় কোনো এক বিষয় নিয়ে বচসা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে এগিয়ে এলেও তারা সে বিষয়ে হস্তক্ষেপ করেননি। কিন্তু আচমকাই গুলির বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গুলির শব্দ শুনে ছুটে আসে আশেপাশে এলাকার মানুষজন। কিন্তু ততক্ষণে ঘটে গিয়েছে অঘটন। এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে অভিযুক্ত। দ্রুত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে সে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে, এটি পুরনো শত্রুতার জেরে নাকি মদের আসরে তর্ক-বিতর্কের ফল। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এলাকায়। ঘটনাকে ঘিরে একেবারে থমথমে পরিবেশ রয়েছে গোটা এলাকায়।




