রিয়েলিটি শো লক-আপ২ কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে রাম কাপুরের নাম। ফাইনালের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ।
সম্প্রতি একটি পর্বে প্রতিযোগী বরুণ যাদব ও পামেলা সেরেনা-র মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। পামেলার অভিযোগ, বরুণ ইচ্ছাকৃতভাবে খেলার পরিকল্পনা এমনভাবে করেছিলেন যাতে মহিলা প্রতিযোগীদের একে একে বাদ পড়তে হয়। তিনি বরুণকে 'নারীবিদ্বেষী' বলেও কটাক্ষ করেন।
তাদের এই তর্ক বিতর্কে হস্তক্ষেপ করেন রাম কাপুর। তিনি বরুণের পক্ষ নিয়ে বলেন, পামেলার সমস্ত অভিযোগ মিথ্যে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাম এগিয়ে যান পামেলার দিকে। পামেলা দাবি করেন, ' উনি একদম আমার গায়ের মধ্যে ঢুকে আসছিলেন। আমাকে মেরেও দিতে পারতেন। রাম যত এগোচ্ছে আমি তত পিছিয়ে যাচ্ছিলাম।' রামের এই আচরণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন পামেলা।
ইতিমধ্যেই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই অভিযোগের বিষয়ে রাম কাপুর বা শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে দর্শকদের নজর এখন এই বিতর্কের সম্ভাব্য পরিণতির দিকেই।