কলকাতা, নিউজ ডেস্ক: আজ মহালয়া। দেবীপক্ষের সূচনায় উৎসবের মেজাজ বাংলাজুড়ে। সেই উপলক্ষে জমজমাট আয়োজন ইডেন গার্ডেন্স। শনিবার বিকেল ৫ টায় শুরু হয় মহালয়ার মেগা ইভেন্ট। ধুতি-পাঞ্জাবি পরে পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক মন্ত্রী। উপস্থিত মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্যপাল আর এন রবি। উপস্থিত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন সহ টলিউডের একাধিক কলাকুশলী।
মুখ্যমন্ত্রী মাঠে পৌঁছতেই সমবেত শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে ইডেন। মহালয়ার এই বিশেষ সন্ধ্যাকে স্মরণীয় করে তুলতে একাধিক আকর্ষণের ব্যবস্থা করা হয়েছে। ড্রোন শোয়ের মাধ্যমে আকাশে বিশেষ দৃশ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাজি প্রদর্শনীও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কলাকুশলীরা। তাঁদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হবে বাড়তি মাত্রা। সব মিলিয়ে মহালয়াকে কেন্দ্র করে এই মেগা ইভেন্টে সাজো সাজো রব।
ইডেনে অনুষ্ঠানের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন শো থেকে থ্রি ডি প্রজেকশন ম্যাপিং শোয়ের আয়োজন করা হয়েছে। তাতে ফুটে ওঠে মা দুর্গার আবাহন। এই অনুষ্ঠান ইডেন থেকে পৌঁছে যাবে প্রবাসেও। দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের একসঙ্গে এই অনুষ্ঠান দেখতে পাবেন সেখানকার মানুষও। কলকাতার মূল অনুষ্ঠানের সঙ্গেই জেলায় জেলায় শুরু হয়ে যাবে উৎসব। ইডেনের এই মেগা অনুষ্ঠানের জন্য স্ট্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোডে রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। শনিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকছে।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারা শুনলে খুশি হবেন, বিশেষ করে কলকাতাতে ২০০র বেশি পুজো কমিটি, তারা মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বলেছেন যে এই অর্থ গ্রামীণ পুজো কমিটিগুলোকে দিন, মহিলা পুজো কমিটিগুলোকে দিন, এই অর্থ আমরা নেব না'। একইসঙ্গে আগের সরকরারে প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, কোথাও পুজো করার জন্য হাইকোর্টে যেতে হয়নি। নতুন করে ১২,৪০০ পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। ২০২৫ এ ৪৫,০০০ দুর্গাপূজা অনুমোদিত ছিল। এবারে আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার, যে সরকার আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, সনাতনী পরম্পরাকে সম্মান জানাতে চায়, তাই তারা ১২,৪০০ টি নতুন পুজোর আবেদনকারীদের পুজো অনুমোদন করেছে।
