বহরমপুর কোর্ট স্টেশনে ছাউনির লোহার পাত ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন যাত্রী। ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার পাত। আর তাতেই আহত হন বেশ কয়েকজন যাত্রী। এরপর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, এক নম্বর প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করছিলেন। সেই সময় আচমকাই ছাউনির উপর থেকে একটি লোহার পাত ভেঙে নিচে পড়ে যায়। তাতেই আটজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা, ভগবানগোলার মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ। এছাড়াও লালগোলা থানা এলাকার বাসিন্দা আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা এবং আজনুর বিবিও জখম হয়েছেন।
ঘটনার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ডিভিশনাল রেল ম্যানেজার (এডিআরএম)।