বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হলেও স্পেন-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বিতর্ক থামছে না। দুই দলের শারীরিক ও আগ্রাসী ফুটবল নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা হয়েছে। এবার ফাইনাল শেষ হওয়ার দু’দিন পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে রেফারিকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগ, সতীর্থকে লাল কার্ডের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি।
ঘটনাটি ঘটে এনজো ফের্নান্দেজকে লাল কার্ড দেখানোর সময়। রেফারি স্লাভকো ভিনচিচ যখন এনজোকে লাল কার্ড দেখাচ্ছিলেন, সেই সময় অন্য প্রান্তে মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় আর্জেন্টিনার আরেক খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকোকে। সেই সময় মেসি বারবার রেফারির কাছে গিয়ে তাগলিয়াফিকোর দিকে নজর দেওয়ার অনুরোধ করেন।
তবে ম্যাচের বিভিন্ন দিক থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তাগলিয়াফিকোর চোটের দাবির সঙ্গে বাস্তবের মিল ছিল না। এনজোর ফাউলের ঘটনাস্থল থেকে তিনি বেশ কিছুটা দূরে ছিলেন এবং তাঁর আশপাশে স্পেনের কোনও ফুটবলারও ছিলেন না। অভিযোগ, এনজো লাল কার্ড দেখতে পারেন বুঝেই তাগলিয়াফিকো আচমকা মাটিতে পড়ে চোটের ভান করেন, যাতে রেফারির মনোযোগ অন্য দিকে সরে যায়।
এই ঘটনার পর থেকেই মেসির ভূমিকাকে ঘিরে প্রশ্ন তুলেছেন অনেক সমর্থক। তাঁদের মতে, বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। বিশেষ করে বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে। যদিও এনজো ফের্নান্দেজ ম্যাচের পর নিজের ফাউলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন, তবু মেসি ও তাগলিয়াফিকোকে ঘিরে বিতর্ক এখনও জোর চর্চার বিষয়।