স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিরুদ্ধে । কেমন মানুষ এই অস্কার? মুখ খুললেন এক সময়ে অস্কারের সাথে কাজ করা গোলরক্ষক প্রাক্তন কোচ সন্দীপ নন্দী । বললেন, সময় সব কথা বলে । অস্কার নিজের ছায়াকেও বিশ্বাস করেন না ।
একবছর আগে অস্কারের কথায় অপমানিত হয়েই ইস্টবেঙ্গল গোলরক্ষক কোচের পদ থেকে পদত্যাগ করেন সন্দীপ। এবার অস্কারের নিশানায় লাল-হলুদ ক্লাব । ক্লাবের বিরুদ্ধে এই অভিযোগ ? যা নিয়ে লাল-হলুদের প্রাক্তন গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীর সাথে যোগাযোগ করে Jazzbaat24 বাংলা । কেমন মানুষ অস্কার? কেমন অভিজ্ঞতা? এর জবাবে সন্দীপ নন্দী বলেন, “ আমি গোলরক্ষক কোচের দায়িত্ব ছাড়ার সময়ই বলেছিলাম, ব্রুজো ভাল মনের মানুষ নন। কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি আমার কথা। কিন্তু এখন তো আমার কথাই প্রমাণ হচ্ছে। তখন ওর জন্য সমর্থকদের কাছে আমি খারাপ হয়েছি । আরে অস্কার নিজের ছায়াকেও বিশ্বাস করেন না। এখন উনি ইন্দোনেশিয়ায়তে আছেন। নতুন ক্লাবের দায়িত্ব নিয়েছেন। নিজের দল নিয়ে ভাবুন। তা না করে কে কী করছে, কে কী বলছে এই নিয়ে পরে আছে। এত সময় কার আছে? ছেড়ে যাওয়া ক্লাবকে নিয়ে কেন এত মাথাব্যথা?”
অস্কারের কথায় গতকাল বারবার উঠে এসেছে মাস্টারের কথা । যিনি কিনা ক্লাবেরই কোন এক কর্তা । যার কথায় নাকি চলে ইস্টবেঙ্গল ক্লাব। আর আজ সোজাসুজি অভিযোগের তির ওঠে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের দিকে । সেই নিয়ে সন্দীপ নন্দীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ আমি বহুদিন লাল-হলুদের হয়ে খেলেছি। তারপর বহুদিন ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচের পদে ছিলাম । কোনদিন এমন হয়নি । আসলে অস্কার নিজের কাজ ছেড়ে বাকি কাজ খুঁজে বেড়ায় । উনি দলের মধ্যেও পরিবেশ নষ্ট করার চেষ্টা করত । উনি শুধু দেখত কে কি বলছে, কে করছে । আর ছিল শুধু সন্দেহ ।”
এখানেই না থেমে সন্দীপ নন্দী আরও বলেন, “ কে কোথায় কী বলল, তা নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন উনি! ক্লাব তো কিছু বলেনি। বিদেশে বসে কেন ইস্টবেঙ্গলের সম্মানহানি করছেন? আমি দেশ-বিদেশের অনেক ভাল কোচের অধীনে খেলেছি বা কাজ করেছি। দলের বাইরে সব কিছু নিয়ে এত মাথা ঘামাতে দেখিনি কাউকে।”
গতকাল থেকে উত্তপ্ত কলকাতা ময়দান। ইস্টবেঙ্গলে ক্লাবের বিরুদ্ধে একের এক অভিযোগ এনেছেন অস্কার । প্রথমে ক্লাবের এক কর্তাকে মাস্টার, পরে নাম করে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিরুদ্ধে অভিযোগ আনেন অস্কার । এমনকি প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ ।