নিউজ ডেস্ক: গাছের ডালে লাফিয়ে বেড়ানো কিংবা ছাদে বসে খুনসুটি বাঁদরের এই চেনা রূপ দেখতেই মানুষ অভ্যস্ত। কিন্তু ডানা মেলা বিশালাকার শকুনের পিঠে চেপে সোজা আকাশপানে উড়ে যাওয়ার এই দৃশ্য হলিউডের কোনো কল্পবিজ্ঞানের সিনেমাকেও যেন হার মানায়।
সিনেমার মতো তেমনই এক অভাবনীয় ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গ্রামীণ এলাকার পাকা বাড়ির ছাদে বিশালাকার একটি শকুন নেমেছে। তার গায়ে কোনো দড়ি বা সুতোজাতীয় কিছু বাঁধা অবস্থায় মাটিতে ডানা ঝাপটাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তেই ছাদের পাঁচিলে বসে সুযোগ খুঁজছিল একটি চঞ্চল বাঁদর। শকুনটি যখনই ওড়ার জন্য জোর ডানা ঝাপটিয়ে মাটি ছাড়তে শুরু করে, তখনই চোখের পলকে ছাদের পাঁচিল থেকে এক অবিশ্বাস্য লাফ দেয় বাঁদরটি।
মুহূর্তের মধ্যে সে গিয়ে সরাসরি আঁকড়ে ধরে শকুনটির পিঠ। আকস্মিক এই ভারে হকচকিয়ে না গিয়ে নিজের ডানার পুরো শক্তি কাজে লাগিয়ে বাঁদরটিকে পিঠে নিয়েই মহাশূন্যে ডানা মেলে দেয় বিশালাকার সেই পাখি। কয়েক সেকেন্ডের মধ্যেই ছাদের সীমানা পেরিয়ে, খোলা মাঠ আর নীলাকাশের বুক চিরে শকুনের পিঠে চড়ে বাঁদরটির উড়ে যাওয়ার দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করেন স্থানীয় বাসিন্দারা।
https://x.com/VertigoWarrior/status/2107690746631598191
ভিডিওটির ধারণ করছেন যিনি তার বিস্ময়ভরা চিৎকারে স্পষ্ট যে, চোখের সামনে ঘটে যাওয়া এমন ঘটনা তারা নিজেদের জীবনে কখনও কল্পনাও করতে পারেননি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অজস্র প্রতিক্রিয়া উপচে পড়ছে। অনেকে এটিকে রসিকতা করে বন্যপ্রাণীর ইতিহাসে সবথেকে দুঃসাহসিক "মিড-এয়ার হাইজ্যাক" বা আকাশপথে সওয়ারি বলে অভিহিত করেছেন। পশুপ্রেমীদের একাংশ বাঁদরটির এমন দুঃসাহস আর ভারসাম্য বজায় রাখার ক্ষমতায় বিস্মিত।
তবে এই ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের মনে বিস্ময়ের পাশাপাশি কৌতূহলও তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কোনো এআই (AI) বা ভিএফএক্স প্রযুক্তির নিখুঁত কারসাজি নয় তো? তবে প্রযুক্তিগত কারসাজি হোক কিংবা প্রকৃতির বিরল দৃশ্য ডানা ছাড়া বাঁদরের এই আকাশভ্রমণ এখন সামাজিক মাধ্যমে আলোচনার মধ্যমণি।