নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো যাবে না। এ বিষয়ে প্রশাসনিক সংস্কার ও কর্মী বিনিয়োগ দফতরের অধীন ‘কমন ক্যাডার উইং’-এর লিখিত অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি এই মর্মে রাজ্যের সমস্ত প্রশাসনিক দফতরকে নির্দেশিকা পাঠানো হয়েছে।
নবান্ন সূত্রে খবর, বেশ কয়েকটি দফতরের বিরুদ্ধে নির্ধারিত নিয়ম না মেনে সচিবালয়ের ‘কমন ক্যাডার’-এর কর্মীদের বিভিন্ন ডিরেক্টরেট ও আঞ্চলিক কার্যালয়ে নিয়োগ করার অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট ক্যাডার পরিচালন কর্তৃপক্ষের আগাম অনুমতি ছাড়াই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছিল বলে প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়। এর ফলে সরকারি কর্মীদের ক্যাডার পরিচালনা এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছিল বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে নিয়ম মেনে কর্মী বদলি ও পদায়ন নিশ্চিত করতে নতুন করে কড়া নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।
অনুমোদন ছাড়া বদলি নয়
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কমন ক্যাডার উইংয়ের লিখিত অনুমোদন ছাড়া সচিবালয়ের ক্যাডারভুক্ত কোনও কর্মীকে ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে বদলি কিংবা সেখানে কাজের জন্য নিযুক্ত করা যাবে না। কাজের প্রয়োজনে কোনও কর্মীকে অন্যত্র পাঠানোর প্রয়োজন হলে প্রথমে সংশ্লিষ্ট প্রস্তাব প্রশাসনিক সংস্কার ও কর্মী বিনিয়োগ দফতরের কমন ক্যাডার উইংয়ের কাছে পাঠাতে হবে।
সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরেই কর্মীকে অন্য দফতর বা কার্যালয়ে পাঠানোর প্রক্রিয়া কার্যকর করা যাবে। অনুমোদন ছাড়া একতরফাভাবে কর্মী স্থানান্তরের যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।
সমস্ত দফতরকে সতর্কবার্তা
নবান্নের এই নির্দেশিকার প্রতিলিপি রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং বিভিন্ন দফতরের সচিবদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশ যাতে যথাযথভাবে কার্যকর হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, সরকারি কর্মীদের পদায়নের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা এবং ক্যাডার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এর ফলে বিভিন্ন দফতরের নিজস্ব সিদ্ধান্তে সচিবালয়ের কর্মীদের অন্যত্র পাঠানোর প্রবণতায় নিয়ন্ত্রণ আনা সম্ভব হতে পারে। এখন নজর, নবান্নের এই নির্দেশের পর রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দফতর কীভাবে কর্মী বদলি ও পদায়নের প্রক্রিয়া পরিচালনা করে।