ভারত-বাংলাদেশের সম্পর্কে নতুন সমীকরণ! বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক শুরু হয়। বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ থেকে কিছু জানানো হয়নি। তবে বৈঠক শেষে উভয় পক্ষ থেকে এ বিষয়ে জানানো হতে পারে।
এর আগে গতকাল অর্থাৎ রবিবার বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতীয় হাই কমিশনার। কিন্তু, কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তারপরেই আজ তারেকের সঙ্গে বৈঠক হল। পরপর দুই দিনে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে জোর চর্চা। তবে বৈঠকে ঠিক কোন কোন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় উঠে এসেছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
রাজনৈতিক নানা টানাপোড়েন থাকলেও বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ বাস্তবতার কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস (BRICS) সম্মেলনের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার।
আমন্ত্রণপত্রে তাঁকে ‘বিমসটেকের চেয়ারম্যান’ হিসেবে উল্লেখ করায় বাংলাদেশের কোনো কোনো মহল থেকে অসন্তোষ প্রকাশ করা হলেও, নয়াদিল্লির তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই জাতীয় আন্তর্জাতিক সংগঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধানের পদের পরিচয়েই আমন্ত্রণ জানানোর নিয়ম রয়েছে। এখানে কোনও অসম্মানের প্রশ্নই ওঠে না।