অন্নপূর্ণা ভাণ্ডার ও যুব সাথী প্রকল্পের পর এবার বড়সহ পরিবর্তণ এলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায়। বাজেট ঘোষণার পর প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ানো হল এই তিন ভাতার পরিমান। আগের সরকার থাকাকালীন মাসিক ভাতা হাজার টাকা করে থাকলেও আগামী পহেলা আগস্ট থেকে সেই অংক বেড়ে দাঁড়ালো ১৫'শ টাকা। প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবে উপভোক্তারা।
সোমবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি অর্থাৎ এন এস এ পি অনুযায়ী তিনটি পেনশন প্রকল্পে এই বর্ধিত ভাতা কার্যকরী হবে। তার মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্প, ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন প্রকল্প ও ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন প্রকল্প।
পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের ২০২৬-২৭ বাজেট থেকেই এই অতিরিক্ত অর্থব্যয় বহন করা হবে। সরকারি নিয়ম মেনেই বর্ধিত ভাতা ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকে জমা পড়বে।
নতুন সরকারের বাজেট পেশার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রস্তাব রাখেন বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষদের মাসিক ভাতা ৫০০ টাকা অতিরিক্ত বাড়ানোর। সোমবার তারিখ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, জেলাশাসক, গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থা এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিকে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হবে এবং তা নির্ধারিত সময়ের মধ্যে সকল যোগ্য উপভোক্তার কাছে সংশোধিত ভাতার অর্থ পৌঁছে দিতে হবে।