নিউজ ডেস্ক: বলিউডের একসময়ের চর্চিত ও ঘনিষ্ঠ বন্ধুত্বে এবার ভাঙন ধরেছে। বলিউড সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি এবং অভিনেত্রী সারা আলি খানের দীর্ঘদিনের বন্ধুত্বে বড়সড় ফাটল ধরেছে। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর টক শো 'ডাবল ডেট'-এ হাজির হয়ে ওরি নিজেই সারার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছেন এবং তাঁদের সম্পর্ক ভাঙার কারণ খোলসা করেছেন। সারা আলি খান ও ওরির সম্পর্ক ভাঙার নেপথ্যে উঠে এসেছে চরম ক্ষোভ, পারিবারিক অশান্তি এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির দীর্ঘ ইতিহাস।
'বিপদের সময় পাশে থাকেনি' ওরির গুরুতর অভিযোগ
ওরি জানান, সারা এবং তিনি কেবল রূপালি পর্দার জগতের বন্ধু ছিলেন না, বরং ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন এবং কলেজেও একসঙ্গে পড়াশোনা করেছেন। ওরি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "যখন সারা মাদক মামলা সংক্রান্ত বড়সড় আইনি সমস্যায় জড়িয়ে পড়েছিল এবং গোয়ায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সবাই আমাকে ওর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল। কিন্তু আমি সব নিষেধ উপেক্ষা করে সারার পাশে দাঁড়িয়েছিলাম। তার পরিবার ও ভাইয়েরও খেয়াল রেখেছিলাম। অথচ, যখন আমি 'খতরোঁ কে খিলাড়ি' রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার সময় মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন সারা একটা ফোন করে আমার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেনি। ও যেন কর্পূরের মতো উবে গিয়েছিল। ও একজন সুযোগসন্ধানী ও ভুয়ো বন্ধু (Fake Friend)।"
বন্ধুত্ব ভাঙার পিছনে সারার মা, প্রবীণ অভিনেত্রী অমৃতা সিংহেরও বড় ভূমিকা রয়েছে বলে দাবি করেন ওরি। তাঁর অভিযোগ, ২০২১ সালে অমৃতা সিংহ তাঁকে সবার সামনে অত্যন্ত অপমান ও গালিগালাজ করেছিলেন। ঘটনাটি ওরির জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় হয়ে উঠেছিল এবং মানসিক আঘাতের কারণ হয়েছিল। ওরি স্পষ্ট জানিয়েছেন, "এখন সারার সঙ্গে বন্ধুত্বের নাটক করার অর্থ হল, তার মায়ের করা সেই অভদ্র আচরণকে মেনে নেওয়া। যেহেতু অমৃতা সিংহ বা সারা কেউই আজ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাননি, তাই এই একতরফা সম্পর্ক টিকিয়ে রাখার কোনও প্রশ্নই ওঠে না।"
ফাটল আরও চওড়া হয় যখন ওরি দাবি করেন, এক পুরনো পার্টিতে বসার জায়গা নিয়ে সারা আলি খান এক তরুণীকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে চতুরতার সঙ্গে সেই ঘটনার সমস্ত দায় ওরির উপর চাপিয়ে দেওয়া হয়। ফলে অকারণেই ওই তরুণীর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
ওরি ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন, যার শিরোনাম ছিল '৩টি সবচেয়ে খারাপ নাম'। সেখানে তিনি 'সারা', 'অমৃতা' এবং 'পালক' এই তিনটি নাম উল্লেখ করেন। এর পরপরই সারা আলি খান এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খান ওরিকে ইনস্টাগ্রামে আনফলো করে দেন। এক নেটিজেন যখন ওরির একটি পোশাক নিয়ে উপহাস করে জানতে চান, "এই ব্রা-টি আসলে কী ধরে রেখেছে?", তখন ওরি জবাবে লেখেন, "সারা আলি খানের হিট সিনেমাগুলো।" অর্থাৎ, সারার ফ্লপ কেরিয়ারকে ইঙ্গিত করে প্রকাশ্যেই তীব্র কটাক্ষ করেন ওরি।
দীর্ঘদিনের এই গভীর বন্ধুত্ব এখন এতটাই তিক্ত রূপ ধারণ করেছে যে, ওরি স্পষ্ট করে দিয়েছেন, এই সম্পর্ক জোড়া লাগার আর কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, সারা আলি খান বা তাঁর মা অমৃতা সিংহ এখনও পর্যন্ত এই বিতর্ক কিংবা ওরির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।




