মালদহ, নিউজ ডেস্ক: এবার ভাঙ্গনে তলিয়ে গেল প্রাথমিক বিদ্যালয়। গঙ্গার জলস্তর বাড়ায় আরও ভয়াবহ রূপ ধারণ করেছে রতুয়া-১নং ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রতনপুর গ্রামে। ইতিমধ্যেই ভাঙনের কবলে পড়ে ঘরছাড়া হয়েছেন অনেকে। বাড়িঘর ভেঙে যাওয়ায় অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা।
ভাঙনের গ্রাস থেকে রেহাই পায়নি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটা বড় অংশ ইতিমধ্যেই গঙ্গার জলে তলিয়ে গিয়েছে। শনিবার গভীর রাতে বিদ্যালয়ের এক প্রান্ত হুড়মুড়িয়ে গঙ্গায় পড়েছে। প্রায় অর্ধেক স্কুল গঙ্গার তলায়।
যেকোনও মুহূর্তে বাকি অংশও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ওই বিদ্যালয়ে প্রায় ৩২০ জন পড়ুয়া রয়েছে। গ্রামের বেশির ভাগ পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করত। হঠাৎ ভাঙনের ঘটনায় কার্যত চিন্তায় পড়েছেন অভিভাবকরা। তাই পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত অন্য একটি বিদ্যালয়ের তাদের পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গঙ্গার জলস্তর বৃদ্ধির সঙ্গে ভাঙনের তীব্রতাও ক্রমশ বাড়ছে। রাতারাতি নদীর পাড়ের মাটি ধসে পড়ছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ভাঙন রোধ করা না হলে আরও বাড়িঘর, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো নদীগর্ভে চলে যেতে পারে। বিশেষ করে পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট অংশ রক্ষা করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।




