কলকাতা, নিউজ ডেস্ক: পালাবদলের পর নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। তাই এ বছর দুর্গাপুজোকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এবার আর দুর্গাপুজোর কার্নিভাল হবে না। পরিবর্তে পুজোর সময় শহরজুড়ে বড় রোড শো আয়োজন করা হবে। একইসঙ্গে বদল আসছে পুজোর উদ্বোধনের ক্ষেত্রেও।
সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানিয়েছেন, 'মাতৃপক্ষ শুরু হওয়ার আগে এবার কোনও পুজোর উদ্বোধন করা হবে না। মহালয়ার দিন পর্যটন ও তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে ইডেন গার্ডেন্সে বড় কর্মসূচির আয়োজন করা হবে। সেখানেই আনুষ্ঠানিকভাবে এ বছরের দুর্গাপুজোর সূচনা হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি কার্নিভাল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'গত কয়েক বছরে কার্নিভালের নামে যে ‘চাপিয়ে দেওয়ার ব্যবস্থা’ ছিল, এ বার তা করা হচ্ছে না। তার পরিবর্তে সাধারণ মানুষকে কেন্দ্র করে পুজোর সময় শহরজুড়ে বড় রোড শো করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুজোয় আইনশৃঙ্খলা এবং সামাজিক পরিবেশ বজায় রাখতেও একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করা হয়েছে। মহাষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। সেই সঙ্গে পুজো এবং বিসর্জনে ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
পুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'পুজো কমিটি গুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। তবে বড় পুজো কমিটিগুলিকে সরকারের আর্থিক সাহায্য না নেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফলে এ বছর দুর্গাপুজোর আয়োজনের ধরনে বেশ কিছুটা বদল আসতে চলেছে। একদিকে কার্নিভাল বাতিল করে বড় রোড শো, অন্যদিকে মহালয়ার দিন ইডেন গার্ডেন্স থেকে পুজোর সূচনা, এই দুই সিদ্ধান্তই এবারের পুজোর অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।