দিল্লি, নিউজ ডেস্ক : রাজধানীর বুকে যন্তর মন্তরে প্রতিবাদী ছাত্র-যুবকদের জমায়েত ও পুলিশের ধরপাকড়কে ঘিরে যখন রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই কেন্দ্র সরকারের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক কড়া ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আন্দোলন ভাঙতে হাজার হাজার পুলিশ নামিয়ে বা বিরোধী নেতৃত্বকে জেলে পুরেও লাভ হবে না, লড়াইয়ের ময়দান ছেড়ে এক পা-ও নড়বে না বিরোধীরা।
দেশের যুবসমাজকে নির্ভয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ডাক দিয়ে তিনি বললেন, “তোমাদের লড়াইয়ের পাশে আমরা আছি, সংবিধান বিরোধীদের হার নিশ্চিত করবই।”
https://x.com/jazzbaatbangla/status/2108912090727829533?s=20
ভিডিওর শুরুতেই প্রায় এক দশক ধরে আরএসএস এবং নরেন্দ্র মোদীর রাজনীতির বিরুদ্ধে তাঁর ধারাবাহিক লড়াইয়ের কথা মনে করিয়ে দেন কংগ্রেস সাংসদ। নিজের প্রতিপক্ষকে তিনি ‘হাতের তালুর মতো চেনেন’ দাবি করে রাহুল বলেন, এই ক্ষমতার অলিন্দের মূল দুর্বলতাই হলো ভয় ও কাপুরুষতা। নরেন্দ্র মোদী ও অমিত শাহের পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে একযোগে নিশানা করে তিনি মন্তব্য করেন, “এই গোটা পর্বের আসল খলনায়ক এঁরাই। চারপাশ থেকে এদের বৃত্ত এখন ক্রমশ সংকুচিত হয়ে আসছে, আর সেই রাশ আমরাই টেনে ধরছি। এবার দেশ সুবিচার পাবে।”
প্রশাসনের কঠোর অবস্থানের তীব্র সমালোচনা করে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশে রাহুলের তোপ, সরকার যা খুশি করতে পারে। যন্তর মন্তরের বিক্ষোভ রুখতে দশ হাজার, কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার পুলিশ মোতায়েন করা হোক কিংবা সমস্ত নেতা ও প্রতিবাদী তরুণদের জেলে ভরা হোক তাঁরা কোনও অবস্থাতেই ভয় পাচ্ছেন না।
তিনি বলেন, “আমাদের সবাইকে গ্রেফতার করুন, চিন্তা নেই। আমরা আপনাদের ঘিরে ফেলছি এবং কিছুতেই পিছিয়ে আসব না। যা তথ্য পাওয়ার তা আমাদের হাতে চলে এসেছে।”
আন্দোলনকারীদের ভরসা জুগিয়ে রাহুল জানান, গত এক-দেড় দশকে দেশের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, তার পুনরাবৃত্তি আর ঘটতে দেওয়া হবে না। সংবিধানের মর্যাদা ফিরিয়ে আনা এবং ১৪০ কোটি নাগরিকের কণ্ঠস্বরকে রক্ষা করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “দেশের যুবসমাজ, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন থামিও না। যারা সংবিধানের বুকে আঘাত হেনেছে, তাদের পরাজয় অনিবার্য।”
