মালদা, নিউজ ডেস্ক: মন্ডপ তৈরি প্রায় শেষের পথে। কোথাও শেষ মুহূর্তের সাজসজ্জা, কোথাও আবার চলছে আলোকসজ্জার কাজ। তার মধ্যেই আচমকায় মণ্ডপে মন্ডপে পৌঁছে গেল পুলিশ আধিকারিকদের দল। শুধু ঘুরে দেখায় নয় মণ্ডপের ভিতর থেকে বাইরের রাস্তা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হল একাধিক বিষয়। পুজোর মুখে পুলিশের এই তৎপরতা ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বাড়তি কৌতুহল।
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আনন্দে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগেভাগে তৎপর রায়গঞ্জ পুলিশ। পুজোর প্রাক্কালে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার-সহ একাধিক পুলিশ আধিকারিক বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেন। রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত একাধিক পুজোমণ্ডপে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। বিশেষ করে ভিড় বেশি হলে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
তবে, শুধু ভিড় বা যানবাহন নিয়ন্ত্রণ নয় মণ্ডপের অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ, আলোকসজ্জা-সহ একাধিক বিষয়ও খতিয়ে দেখা হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। পুজোর দিনগুলিতে শব্দ দূষণ নিয়েও কড়া বার্তা দিয়েছেন প্রশাসন। পুলিশের পক্ষ থেকে ডিজে বক্স নিষিদ্ধ রাখার বিষয়েও ক্লাব কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এদিন একাধিক মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি কালীমন্দিরের পুজোমণ্ডপেও যান রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার। এবারের পুজোয় মহাভারতের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সেই মণ্ডপের নিরাপত্তা ও প্রস্তুতির এবং দর্শনার্থীদের সম্ভাব্য ভিড়ের বিষয়গুলির বিভিন্ন দিকও খতিয়ে দেখেন পুলিশ সুপার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে সাধারণত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা থাকবে। উৎসবের আনন্দ যাতে কোনও দুর্ঘটনা বা বিশৃঙ্খলার জন্য ম্লান না হয়, সেদিকেই নজর রায়গঞ্জ পুলিশের।