মহান পৌরাণিক গাথা রামায়ণ নিয়ে ইতোমধ্যেই বলিউডে একাধিক সিনেমা হয়ে গেছে। সেই পথেই আজ ৩০শে জুলাই ভোরের আলো গায়ে মেখে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। এই প্রথমবার পূর্ণাঙ্গ রূপ সামনে আনা হলো রাম চরিত্রে রণবীর কপূর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের রূপধারী যশকে। টিজারের তুলনায় ট্রেলারে আবেগ, সংলাপ ও কাহিনির বুনোনে বাড়তি নজর দেওয়া হয়েছে।
রামায়ণ নিয়ে উন্মাদনা ভারতীয় সিনেমা মহলে বরাবরই রয়েছে। তাই বিশেষ নজর ছিল এই সিনেমার ট্রেলারের ওপর। ট্রেলারের সূচনা হয় রাবণের হুঙ্কার ও শক্তি প্রদর্শনের মাধ্যমে। তাঁর ‘রাবণরাজ’ ঘোষণার প্রভাবে আতঙ্কিত দেবতাদের রক্ষায় বিষ্ণুর অবতার হিসেবে অযোধ্যায় আবির্ভূত হন রাজা দশরথের (অরুণ গোবিল) পুত্র রাম। ছবিতে রামের শৈশব থেকে শুরু করে অসুর বধ, লারা দত্ত অভিনীত কৈকেয়ীর প্রভাবে রামের ১৪ বছরের বনবাস এবং সঙ্গে সীতার যাওয়ার পরিচিত পর্বগুলো ফুটে উঠেছে। অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট এবং জাঁকজমকপূর্ণ উপস্থাপনা আলাদাভাবে নজর কাড়ে।
আগের তুলনায় ভিএফএক্সের ব্যবহার এবার বেশ সংযত বলেই মনে করছেন দর্শকরা। তবে ৪ মিনিট ১০ সেকেন্ডের এই দীর্ঘ ট্রেলারে সনী দেওল অভিনীত হনুমান চরিত্রটি না থাকায় বিরক্তি প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। অনেকের মতে, এই চরিত্রটি দ্বিতীয় পর্বের চমক হিসেবে গোপনে রেখেছেন নির্মাতারা। ছবিটির ভিএফএক্স, রঙিন আবহ এবং আবহ সঙ্গীত প্রশংসিত হলেও সমালোচনার সুরও শোনা গেছে।আনুমানিক ৪,০০০ কোটি টাকার বাজেটের এই ছবির কিছু দৃশ্যে ‘গ্রিন স্ক্রিন’-এর ব্যবহার স্পষ্ট বলে অভিযোগ একাংশের।
রামের চরিত্রে রণবীরের শান্ত ও সংযত রূপ অনেকের পছন্দ হলেও, তাঁর সংলাপ বলার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অন্যদিকে যশের ক্ষুরধার উপস্থিতি ও রাবণ রূপ ট্রেলারের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।ছবিতে সুর মিলিয়েছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার। ছবির সঙ্গীতস্বত্ব রেকর্ড ৭৫ কোটি টাকায় কিনেছে ‘টি-সিরিজ’। নানা জটিলতা ও দিনক্ষণ পিছনোর পর অবশেষে প্রকাশিত হওয়া এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৮ নভেম্বর। ছবির দ্বিতীয় পর্বটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালে।