দিল্লি ছেড়ে নিজের রাজ্য উত্তরাখণ্ডে পাকাপাকি ভাবে ঘাঁটি গড়তে চান ঋষভ পন্থ। কিন্তু গত ৩ বছর ধরে চেষ্টা করেও মনের মতো বড় জমি খুঁজে পাচ্ছেন না বলে শুক্রবার গভীর রাতে সমাজ মাধ্যমে আর্জি জানিয়েছিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। এই পোস্টটি ছিল ভুলে ভরা। যা নিয়ে চর্চাও শুরু হয় নেট পাড়ায়। তবে পন্থের সেই আবেদনে সাড়া দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। পন্থকে ‘উত্তরাখণ্ডের গর্ব’ বলে উল্লেখ করে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার একেবারে মধ্যরাতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সমাজ মাধ্যমে পন্থ লিখেছিলেন, দিল্লি থেকে নিজের ঘাঁটি উত্তরাখণ্ডে সরিয়ে নিয়ে যেতে চান তিনি। নিজের শিকড়ের কাছে ফিরতে চাওয়ার ইচ্ছার কথাও জানান ২৮ বছরের ক্রিকেটার। কিন্তু তাঁর দাবি, গত ৩ বছর ধরে চেষ্টা করেও এমন কোনও বড় ও উপযুক্ত জমি খুঁজে পাননি, যেখানে নিজের মতো করে থাকতে পারবেন। তাই জমি কেনার প্রক্রিয়ায় সাহায্যের জন্য সরাসরি ধামির কাছে আবেদন করেন তিনি।
পন্থের সেই পোস্টের জবাবেই ধামি লেখেন, ‘‘ঋষভ, তুমি উত্তরাখণ্ডের গর্ব। তোমার দুর্দান্ত পারফরম্যান্স আর সাফল্যে দেশে এবং গোটা বিশ্বে দেবভূমির নাম উজ্জ্বল হয়েছে। নিজের মাতৃভূমির প্রতি তোমার ভালবাসা এবং এখানে ফিরে এসে কিছু করার ইচ্ছা অত্যন্ত প্রশংসনীয়।’’ পন্থের জমি সংক্রান্ত আবেদনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ধামি আরও জানিয়েছেন, খুব শীঘ্রই সরকারি আধিকারিকেরা যোগাযোগ করবেন ঋষভের সঙ্গে। নিয়ম মেনে তাঁকে সব রকম সহযোগিতা করা হবে। অর্থাৎ, নিজের রাজ্যে ফিরে নতুন করে ঘর বাঁধার স্বপ্নে এবার সরকারি সহায়তারও দরজা খুলে গেল পন্থের সামনে। ক্রিকেটের বাইরেও নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান ভারতীয় তারকা। তাঁর সেই ইচ্ছাতেই সাড়া দিল উত্তরাখণ্ড সরকার।