একদিকে মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ, অন্যদিকে নতুন করে সংঘাতের মেঘ জমল ইউক্রেনে। ইউক্রেনের ওডেশা বন্দর সংলগ্ন এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ১০ জনের। নিহতদের মধ্যে রয়েছেন ৪ জন ভারতীয় নাবিক। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। যদিও এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি মস্কো। ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গিনি-বিসাউয়ের পতাকাবাহী ভুট্টাবাহী বাণিজ্যিক জাহাজ ‘গোল্ডেন লিও’ রবিবার নির্ধারিত সময়েই ওডেশা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। কিছু দূর এগোনোর পর আচমকাই জাহাজটিকে লক্ষ্য করে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে জাহাজে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে এই হামলা কারা চালিয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
হামলার পরপরই উদ্ধার অভিযানে নামে ইউক্রেনের সেনা ও জরুরি পরিষেবা। রাতভর তল্লাশি চালিয়ে ১৭ জন জাহাজকর্মীকে জীবিত উদ্ধার করা হয়। কিয়েভের দাবি, এই হামলায় ৯ জন জাহাজকর্মী এবং একজন পাইলটের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন ভারতীয় নাবিক রয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় আরও এক ভারতীয়ের হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। সোমবার বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারত এই হামলার তীব্র নিন্দা জানায়। বাণিজ্যিক জাহাজকে নিশানা করা এবং নিরীহ নাবিকদের হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। নৌ-চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকা উচিত। ইউক্রেনে ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।"
এদিকে, ওডেশার গভর্নর জানিয়েছেন, চলতি মাসেই রাশিয়ার হামলায় ওই অঞ্চলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ইউক্রেনের অন্যান্য শহরেও রুশ হামলায় আরও অন্তত আটজন প্রাণ হারিয়েছেন বলে দাবি কিয়েভের। ঘটনাকে ঘিরে ফের একবার যুদ্ধের আগুন জ্বলে উঠল ইউক্রেনে।