নিউজ ডেস্ক: সাতসকালেই স্পাইসজেটের একাধিক উড়ান ঘিরে বিভ্রাট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে উক্ত সংস্থাটির কয়েকটি উড়ানের পরিষেবায় পরিচালনাগত বিঘ্ন দেখা দিয়েছে। ফলে ফ্লাইট ধরতে এসে সমস্যায় পড়ে যান যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে স্পাইসজেটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজ চলছে বলেও জানানো হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কতগুলি ফ্লাইটকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে বা কতক্ষণ এই সমস্যা চলবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসেনি।
শনিবার সকালে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। সেখানে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে জানানো হয়, স্পাইসজেটের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিমানবন্দরের বক্তব্য, "কয়েকটি স্পাইসজেট উড়ানে পরিষেবা সংক্রান্ত সমস্যার কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।" একই সঙ্গে বিমানবন্দরের কর্মীরা বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সাহায্য করছেন বলেও জানানো হয়েছে। যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।
দেখুন: https://x.com/DelhiAirport/status/2101116912382144791?s=20
এমনিতেই গত কয়েক দিন ধরে স্পাইসজেটের উড়ান নিয়ে সামনে এসেছে যাত্রী দুর্ভোগের একাধিক অভিযোগ। চলতি সপ্তাহেই দিল্লি থেকে দুবাইগামী দু’টি ফ্লাইট বার বার পিছিয়ে যাওয়ায় বিমানবন্দরে বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, SG 5111 এবং SG 5105—এই দু’টি উড়ান সোমবার যথাক্রমে সকাল ও সন্ধ্যায় দিল্লি থেকে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু দু’টিরই সময় একাধিক বার বদলানো হয়। এই ঘটনার জেরে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-৩-এর বিভিন্ন জায়গায় প্রায় ২০০ জন যাত্রী বিক্ষোভ দেখান বলে সূত্রের দাবি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ স্পাইসজেটের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে।
এর আগে গত ১১ অগাস্ট অভিযোগ উঠেছিল দিল্লি-পুনে স্পাইসজেটের একটি উড়ান নিয়েও। SG 105 উড়ানে শেষ মুহূর্তে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের বেশ কিছু ক্ষণ অপেক্ষা করতে হয়েছিল বলে জানা যায়। পরে স্পাইসজেট জানিয়েছিল, বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় এবং উড়ানটি পুনের উদ্দেশে রওনা দেয়। সংস্থার দাবি ছিল, ওই ফ্লাইটে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সব সময়ই সচল ছিল। একের পর এক উড়ান ঘিরে সমস্যা ও যাত্রী অসন্তোষের আবহে শনিবার ফের দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের পরিষেবা বিঘ্নিত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ আপডেটের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে অথবা বিমানবন্দরের কর্মীদের সাহায্য নিতে অনুরোধ করেছে।