কথায় বলে 'সকাল দেখে দিন বোঝা যায়'। আর সেই গোটা দিনের আবহাওয়ার খবর কেমন থাকবে? কাজকর্মে ব্যাঘাত ঘটাতে পারে আবহাওয়া? আসুন জেনে নিই--
আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় 'হলুদ সতর্কতা' জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণেই দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে টানা দুর্যোগ ও প্রবল বৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, আজ ঝাড়গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই সময় জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা বহাল থাকবে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া,পুরুলিয়া,দক্ষিণ ২৪ পরগনা,দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম। এছাড়া বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আজ মূলত দার্জিলিং ও জলপাইগুড়িতে হলুদ সতর্কতা থাকছে।আজ ২৯ জুলাই(বুধবার)দার্জিলিং,জলপাইগুড়ি,কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বজ্রপাতের ঝুঁকি থাকায় আবহাওয়া দফতর সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। বাজ পড়ার সময় খোলা জায়গায় না থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে জলাশয়ের কাছে না যাওয়ার এবং বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।