কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির সর্বোচ্চ আদালতে ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছে নতুন মুখ। ইতিমধ্যেই শুরু করা হয়েছে সেই প্রক্রিয়া। রাষ্ট্রপতির অনুমোদনের পর সোমবার সামনে এল কেন্দ্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন নিয়োগ কার্যকর হলে দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থায় সংখ্যার দিক থেকেও বদল আসতে চলেছে।
সোমবার তিন হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই নিয়োগ করেছেন। বিচার বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন বিচারপতির নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন করে সুপ্রিম কোর্টে নিযুক্ত হতে চলেছেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সুনিতা আগরওয়াল, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। শপথ গ্রহণের পর তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
উল্লেখযোগ্য বিষয় হল, এই তিন বিচারপতির নাম আগেই সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত ২৮ সেপ্টেম্বর তিনজনের নাম শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। সেই সুপারিশের পরেই এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩৪ জন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন তিন বিচারপতি দায়িত্ব নিলে সেই সংখ্যা বেড়ে গিয়ে ৩৭ হবে। ফলে, শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা আরও এক ধাপ বাড়বে। গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার চাপ সামলানোর ক্ষেত্রেও এই নিয়োগের প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়েছে।
এদিকে, সম্প্রতি সুপ্রিম কোর্ট সংশোধনী আইন ২০২৬ এর মাধ্যমে শীর্ষ আদালতে বিচারপতির অনুমোদিত সংখ্যা বাড়ানো হয়েছে। আগে প্রধান বিচারপতি সহ সর্বোচ্চ আদালতে অনুমোদিত বিচারপতির সংখ্যা ছিল ৩৪। নতুন ব্যবস্থাই সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩৮। অর্থাৎ, নতুন ৩ বিচারপতির নিয়োগের পরও অনুমোদিত সংখ্যার তুলনায় আরও একটি পদ পূরণ করা বাকি থাকবে। তবে, তার আগেই তিন হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়ে আসার সিদ্ধান্তে শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ল। এখন, নজর তাঁদের শপথ গ্রহণের দিকে।