কলকাতা, নিউজ ডেস্ক: নবান্ন থেকে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তফশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হল রাজ্য সরকারের তরফে। অক্টোবর থেকে বাড়ানো হল ভাতা। আগে ১৮০০ দেওয়া হত। বরাদ্দ বাড়িয়ে এবার থেকে ৩,৩০০ টাকা দেওয়া হবে।
সোমবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে আরও বলেন, ‘ভগিনী নিবেদিতা স্কিম’ অ্যাপ্রুভ হয়েছে। প্রথম বর্ষে যে সকল ছাত্রীরা ভর্তি হলেন, চলতি শিক্ষা বর্ষ থেকেই টাকা পাবেন। প্রথম বছর দেওয়া হবে ১৭ হাজার পরের বছর ১৬ হাজার টাকা করে পাবে। শুধু মাত্র অবিবাহিতরাই এই টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ভাতা বাড়ানো হয়েছে কর্মবন্ধু প্রকল্পে। এমনকি আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজারের বেশি নিয়োগের আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বিচার, শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বন, দমকল, কারা, নারী ও শিশুকল্যাণ এবং পুলিশ সহ একাধিক দফতরে এই নিয়োগ হবে। পাবলিক সার্ভিস কমিশন ও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মেডিকেল রিপোর্ট' ও আইনি নোটিশ প্রসঙ্গে নাম না করে তীব্র হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এক্স-রে প্লেট এবং এমআরআই রিপোর্ট যদি দেখাতে শুরু করি, তাহলে আর বাড়ি থেকে বের হতে পারবেন না উনি। বেশি ঘাঁটাঘাঁটি কম করুন। প্রয়োজন হলে আমি কোথা থেকে ওই কাগজ পেয়েছি সেটাও স্পষ্ট করে বলে দেব। যে কাগজ আমি দেখিয়েছি, সেটা পিজিতে ছিলই না, আর সেটা সেখানে থাকার কথাও নয়। উনি ভেবেছিলেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু সেটা তো আর হয়নি।'
২০২১ সালের ১০ মার্চ নন্দীগ্রামের বীরুলিয়ায় নির্বাচনী প্রচারের সময় পায়ে আঘাত পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর অভিযোগ ছিল, কয়েক জনের ধাক্কায় গাড়ির দরজায় আঘাত লেগে তিনি আহত হন। পরবর্তী সময়ে পায়ে প্লাস্টার নিয়ে হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার চালাতে দেখা যায় তাঁকে। সেই ঘটনাকে কেন্দ্র করে সে সময় রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পাঁচ বছর পর সেই ঘটনাই ফের তুলে আনলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতার পায়ে সে সময় কোনও ফ্র্যাকচার হয়নি। সবটাই নাটক করেছে।'
