নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার একদিনের মধ্যেই ওড়িশার স্কুল ও গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গন্ডের পদত্যাগের দাবিতে সরব হল বিরোধীরা। চলতি শিক্ষাবর্ষে প্রথম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে একাধিক ভুল ধরা পড়ার ঘটনায় মন্ত্রীর নৈতিক দায় রয়েছে বলে দাবি করেছে বিজু জনতা দল এবং কংগ্রেস।
বিরোধীদের অভিযোগ, পাঠ্যবইয়ের গুরুতর ভুলের জেরে হাজার হাজার পড়ুয়ার পড়াশোনা ব্যাহত হয়েছে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে। তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যদি প্রশ্নফাঁসের ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করতে পারেন, তাহলে ওড়িশার শিক্ষামন্ত্রীরও একইভাবে দায়িত্ব নেওয়া উচিত।
বিজেডি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অরুণ সাহু বলেন, নিত্যানন্দ গন্ডের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। তা না হলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি জানান, আসন্ন বিধানসভার বাদল অধিবেশনে এই ইস্যু জোরালোভাবে তোলা হবে।
একই সুরে সরব হয়েছে কংগ্রেসও। ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্ত চরণ দাস দাবি করেন, সরকারি উদ্যোগে ছাপানো পাঠ্যবইয়ে দুই হাজারেরও বেশি ভুল ধরা পড়েছে। এত বড় প্রশাসনিক ব্যর্থতার দায় এড়াতে পারেন না শিক্ষামন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে নিত্যানন্দ গন্ড পদত্যাগ না করলে কংগ্রেস ওড়িশা বন্ধের ডাক দেবে।
তবে বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র সমীর রঞ্জন দাস বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন এবং ভুল সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁদের গাফিলতি প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর দাবি, যখন সরকার ইতিমধ্যেই সংশোধনমূলক পদক্ষেপ শুরু করেছে, তখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির কোনও যৌক্তিকতা নেই।