আসল তৃণমূল কে? কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রতীপন্থী তৃণমূল ? এই প্রশ্ন এখন বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় চর্চায় বিষয়। ইতিমধ্যে, দুই শিবিরের লড়াই পৌঁছে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। গত ২১ জুলাই শহিদ দিবস পালন ঘিরে দুই শিবিরের মধ্যে নজিরবিহীন দড়ি টানাটানির সাক্ষী থেকেছে রাজ্য। এবার ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরেও এক ছবি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। আগামী ২৮ আগস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবস। আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখোমুখি দুই শিবির। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজন করতে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। অন্যদিকে,একই কর্মসূচি ঘিরে অপর শিবিরের তরফেও পুলিশের কাছে আবেদন করা হয়েছে বলে খবর।
বিগত বছরগুলিতে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে এই দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে ভাঙনের পরেও এবার একই জায়গায় অনুষ্ঠান করতে চায় ‘কালীঘাট’ তৃণমূল। সূত্রের খবর, ঋতব্রত তৃণমূলও যেসব জায়গায় তৃণমূলের জন্মদিন পালন করতে চায় তার মধ্যে রয়েছে মেয়ো রোডও। ফলে একই দিনে একই সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারা কোথায় অনুষ্ঠান করবে,কোন কর্মসূচিকে পুলিশ অনুমতি দেবে—তা নিয়েই এখন শুরু হয়েছে টানাপোড়েন।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বরাবরই দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি। ফলে এবার সেই অনুষ্ঠান ঘিরে দুই পক্ষের পৃথক উদ্যোগ রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। শেষ পর্যন্ত প্রশাসনের অনুমতি কোন শিবির পায়, নাকি সমন্বয়ের মাধ্যমে কোনও একটি কর্মসূচি হবে, এখন সেদিকেই নজর।