JAZZBAAT 24 বাংলা ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের দড়ি টানাটানি। আগামী ২৮ আগস্ট প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মেয়ো রোডে কর্মসূচি করার পরিকল্পনা ঘিরেই তৈরি হয়েছে জটিলতা। দুই শিবিরই মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু অনুমতি না পাওয়ায় ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। সোমবার এ বিষয়ে হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি। এই সংক্রান্ত মামলা মঙ্গলবার শুনবে আদালত।
১৯৯৮ সালে প্রতিষ্ঠা হয় টিএমসিপি-র। তারপর থেকে প্রত্যেক বছর ২৮ অগাস্ট মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তাঁর দলের শীর্ষ নেতারা কর্মসূচিতে থাকতেন। কিন্তু, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ভেঙে দুই গোষ্ঠীতে তৈরি হয়েছে ৷ গত ২১ জুলাই ‘শহিদ দিবস’ আলাদা করে পালন করেছেন তৃণমূলের দুই শিবির। এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতেও আলাদাভাবে আবেদন জানাল দুই তৃণমূল।
কালীঘাট তৃণমূলের অভিযোগ, প্রতিষ্ঠা দিবসের সভার জন্য অনুমতি চেয়ে গত ২৭ জুলাই কলকাতা পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। পরে ৩ অগাস্ট এবং ৭ অগাস্ট পুলিশের কাছে চিঠি দিয়ে অনুমতির বিষয়ে জানতে চাওয়া হলেও কোনও জবাব মেলেনি বলে অভিযোগ। এর পরেই সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী টিএমসিপি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁদের আইনজীবী বিষয়টি জানান।
অন্যদিকে, ঋতব্রত শিবিরের তরফেও একই দিন, একই সময়ে এবং একই জায়গায় টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালনের জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। ফলে দুই শিবিরের কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত কে কোথায় কর্মসূচি করতে পারবে, তা এখন আদালতের নির্দেশের উপরই নির্ভর করছে।